২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা সফরের দলে চমক খালেদ

সাকিব আল হাসানকে নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকা সফরের দল নিয়ে কৌতূহলের জায়গা ছিল সামান্যই। তবে দল ঘোষণায় একটি চমক ঠিকই দেখা গেল। টেস্ট ও ওয়ানডে, দুই সংস্করণেই বাংলাদেশ দলে জায়গা পেলেন সৈয়দ খালেদ আহমেদ। ৩ টেস্ট খেলা পেসার ওয়ানডেতে ডাক পেলেন এই প্রথম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 09:01 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে আগামী ১২ মার্চ ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।  

সবশেষ নিউ জিল্যান্ড সফরের টেস্ট দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম শেখ ও ফজলে মাহমুদ রাব্বি। ১৮ সদস্যের দলে ফিরেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তামিম নিউ জিল্যান্ডে যাননি চোটের কারণে, সাকিব যাননি পারিবারিক কারণে ছুটিতে থাকায়।

নিউ জিল্যান্ডে একটি টেস্ট খেলে নাঈম করেন ০ ও ২৪। ফজলে মাহমুদ বাদ পড়লেন ম্যাচ না খেলেই। সাকিবের ছুটি মঞ্জুর হওয়ার পর তাকে নেওয়া হয়েছিল ওই সফরের দলে।

দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবের টেস্ট খেলা নিয়ে সংশয় ছিল কদিন আগেও। গত সোমবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, দক্ষিণ আফ্রিকায় টেস্টেও পাওয়া যাবে সাকিবকে।

তামিম শুধু নিউ জিল্যান্ড সফরেই নয়, নভেম্বর-ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও খেলতে পারেননি চোটের কারণে। সবশেষ টেস্ট খেলেন তিনি গত এপ্রিলে শ্রীলঙ্কা সফরে।

ওয়ানডে দলে সবশেষ আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েননি কেউ। এবার ১৬ সদস্যের দলে যোগ করা হয়েছে কেবল খালেদকে।

রঙিন পোশাকে নানা সময়ে প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত স্কোয়াডে এবারই প্রথম জায়গা হলো এই পেসারের। এখন তিনি অনুশীলন করছেন বগুড়ায় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে।

এখনও পর্যন্ত ৩৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে খালেদের উইকেট ৫০টি। ৪ উইকেট পেয়েছেন ৩ বার। সবশেষ এই সংস্করণে খেলেন তিনি গত বছরের মার্চে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে। সেই সিরিজে ২ ম্যাচ খেলে তিনি ছিলেন উইকেটশূন্য।

দক্ষিণ আফ্রিকায় গিয়ে এবার বাংলাদেশের কোয়ারেন্টিনের ঝামেলা খুব বেশি নেই। কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে পৌঁছানোর পরদিন থেকেই অনুশীলন শুরু করবে দল। ওয়ানডে দলের প্রথম ঘাঁটি জোহানেসবার্গ। টেস্ট দলের অন্যরা চলে যাবেন কেপ টাউনে। সেখানে তারা নিবিড়ভাবে অনুশীলন করবেন গ্যারি কার্স্টেনের একাডেমিতে।

ওয়ানডে দল নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ১৫ মার্চ। এরপর তিন ওয়ানডে ১৮, ২০ ও ২৩ মার্চ। টেস্ট দল নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ২৬ ও ২৭ মার্চ। এরপর প্রথম টেস্ট ৩১ অগাস্ট থেকে, দ্বিতীয়টি ৮ এপ্রিল থেকে।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান। 

বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরি, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ।