২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জটিল নিয়মে’ যেভাবে আইপিএলের প্রতিপক্ষ নির্ধারণ

দলের সংখ্যা বাড়লেও প্রাথমিক পর্বে আগের চেয়ে বেশি ম্যাচ খেলতে হবে না ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এবারের আইপিএল সাজানো হয়েছে নতুন ফরম্যাটে। দুটি মানদণ্ডের ওপর ভিত্তি করে দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে ১০ দলকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 09:53 PM

Updated : 28 Apr 2022, 11:43 PM

দলগুলোকে ‘এ’ ও ‘বি’ গ্রুপে ভাগ করা হয়েছে। টুর্নামেন্টে শিরোপা জয়ের সংখ্যা কিংবা ফাইনাল খেলার সংখ্যার ভিত্তিতে করা হয়েছে সিডিং।

সর্বোচ্চ পাঁচটি শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স আছে সিডিংয়ে সবার ওপরে, তারা ‘এ’ গ্রুপের প্রথম দল। দ্বিতীয় সর্বোচ্চ চারটি শিরোপা জেতা চেন্নাই আছে দুই নম্বরে। তাদের স্থান ‘বি’ গ্রুপের শীর্ষে।

‘এ’ গ্রুপের বাকি চার দল যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ‘বি’ গ্রুপে চেন্নাইয়ের পরে ধারাবাহিকভাবে সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স।

নতুন দুই দল যুক্ত করা হলেও প্রথম ধাপে আগের মতোই প্রতিটি দল ১৪টি ম্যাচ করে খেলবে বলে শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে সাতটি করে থাকবে হোম ও অ্যাওয়ে ম্যাচ। লিগ পর্বে হবে মোট ৭০টি ম্যাচ।

প্রাথমিক পর্বে প্রতি দল পাঁচটি দলের বিপক্ষে দুটি করে ম্যাচ(হোম-অ্যাওয়ে) খেলবে। এই পাঁচ দলের মধ্যে চারটি নিজ গ্রুপের, অন্যটি অপর গ্রুপের নিজ সারি বরাবর থাকা দল। যেমন- ‘এ’ গ্রুপের প্রথম দল মুম্বাই তার গ্রুপে থাকা কলকাতা, রাজস্থান, দিল্লি ও লক্ষ্ণৌয়ের মুখোমুখি হবে দুইবার করে। আর ‘বি’ গ্রুপে তার সারি বরারর থাকা প্রথম দল চেন্নাইয়ের বিপক্ষে লড়বে দুইবার।

এই হিসেবে ১০ ম্যাচের বাইরে প্রতিটি দল তার বাকি চার ম্যাচ খেলবে অন্য গ্রুপের নিজ সারির প্রতিপক্ষ বাদে বাকি চার দলের বিপক্ষে একবার করে। যেখানে দুটি হবে হোম ম্যাচ, দুটি অ্যাওয়ে।

নামে হোম-অ্যাওয়ে হলেও এবারের আসরে অবশ্য এর সত্যিকারের সুবিধা মিলবে না। কারণ, করোনাভাইরাসের কারণে আইপিএলের প্রাথমিক পর্বের ম্যাচগুলো হবে মহারাষ্ট্রের দুই শহর মুম্বাই ও পুনেতে। মুম্বাইয়ের তিনটি ভেন্যুতে হবে ৫৫ ম্যাচ। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (এমসিএ) হবে ১৫ ম্যাচ।

প্রত্যেক দল ওয়াংখেড়ে স্টেডিয়াম ও ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাসসিয়েশনের মাঠে খেলবে চারটি করে ম্যাচ। আর তিনবার করে মাঠে নামবে ব্র্যাবোর্ন স্টেডিয়াম ও এমসিএ স্টেডিয়ামে।

আগামী ২৬ মার্চ পর্দা উঠবে আইপিএলের পঞ্চদশ আসরের। ফাইনাল দিয়ে টুর্নামেন্টটি শেষ হবে আগামী ২৯ মে। এখনও পূর্ণ সূচি জানানো হয়নি। তবে মার্চের শুরু দিকে সূচি ঘোষণা করা হবে বলে গণমাধ্যমের খবর।

ক্রমিক

গ্রুপ ‘এ’ (শিরোপা)

ক্রমিক

গ্রুপ ‘বি’ (শিরোপা)

১

মুম্বাই ইন্ডিয়ান্স (৫)

২

চেন্নাই সুপার কিংস (৪)

৩

কলকাতা নাইট রাইডার্স (২)

৪

সানরাইজার্স হায়দরাবাদ (১)

৫

রাজস্থান রয়্যালস (১)

৬

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর

৭

দিল্লি ক্যাপিটালস

৮

পাঞ্জাব কিংস

৯

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

১০

গুজরাট টাইটান্স