২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ইচ্ছের ডানায় ভর করে বিপিএলে মইন

বয়স ৩৪ পেরিয়ে গেছে। টেস্ট ক্রিকেটের সঙ্গে সম্পর্ক চুকেবুকে গেছে। তবে শেখার তাড়না শেষ হয়নি মইন আলির। উন্নতির তাগিদ তার এখনও প্রবল। ৯ বছর পর এই ইংলিশ অলরাউন্ডার বিপিএল খেলতে এসেছেন মূলত দুটি লক্ষ্য নিয়ে। এখানে খেলে তিনি প্রস্তুতি নিতে চান আইপিএলের জন্য। পাশাপাশি, এই মধ্য তিরিশেও নিজের খেলাকে নিয়ে যেতে চান পরের ধাপে।

ক্রীড়া প্রতিবেদক

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2022, 06:43 PM

Updated : 25 Oct 2022, 10:13 AM

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগেই বিপিএল খেলার অভিজ্ঞতা হয়ে যায় মইন আলির। ২০১৩ আসরে তিনি খেলেছিলেন দুরন্ত রাজশাহীর হয়ে। এরপর নিজের ব্যাট-বলের ঝলকে আন্তর্জাতিক ক্রিকেট ও নানা দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আলোকিত করলেও বিপিএলে আর খেলা হয়ে ওঠেনি। লম্বা বিরতির পর এবার এসেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে।

৬৪ টেস্ট খেলে সাদা পোশাককে বিদায় বলেছেন গত সেপ্টেম্বরে। তার ক্রিকেট ভুবন এখন রঙিন পোশাকেই। ইংল্যান্ডের হয়ে সীমিত ওভারে খেলার বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ এখন যথেষ্টই। তবে সেই ফুরসত পেয়েই কেবল নয়। মইন বিপিএলে এসেছেন পরিকল্পনা করেই।

এবারের বিপিএলের আগে দক্ষিণ আফ্রিকান গ্রেট ও খুলনা টাইগার্সের কোচ ল্যান্স ক্লুজনার বলেছিলেন, বিদেশি ক্রিকেটারদের জন্য সবচেয়ে কঠিন জায়গা বাংলাদেশ। সেই কথা শোনা গেল এবার মইনের কণ্ঠেও।

সিলেটে রোববার কুমিল্লার অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, বাংলাদেশে খেলা কঠিন বলেই চ্যালেঞ্জিং এই প্রক্রিয়ায় নিজেকে শানিত করে তুলতে চান।

“খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হয় এখানে, খেলাটাই এখানে অনেক আলাদা। খুব ভালো সব স্পিনার আছে এখানে, ভালো ব্যাটার, ভালো মানের বিদেশি ক্রিকেটার আছে। কাজটা এখানে কঠিন, সহজ নয় মোটেও। আমার মনে হয়, সফরকারীদের জন্য বাংলাদেশ সবচেয়ে কঠিন জায়গাগুলোর একটি, বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য।”

“তবে অনেক কিছু শেখার সুযোগ আছে। এখানে ভালো খেলতে পারলে আমার মনে হয়, যে কোনো জায়গায় ভালো খেলা যায়। আমার বাংলাদেশে আসার কারণগুলোর মধ্যে এটিও একটি, উন্নতির চেষ্টা করা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। ইংল্যান্ডের হয়ে যখন এখানে আসব ভবিষ্যতে, আশা করি কন্ডিশন সম্পর্কে আরও ভালো ধারণা থাকবে।”

এবার বিপিএল খেলছেন তিনি আগামী আইপিএলে চোখ রেখে। গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের শিরোপা জয়ে খানিকটা অবদান তিনি রাখতে পেরেছিলেন। ১৩৭ স্ট্রাইক রেটে রান করেছিলেন ৩৫৭। উইকেট কেবল ৬টি নিতে পারলেও ওভারপ্রতি রান দিয়েছিলেন সাড়ে ছয়ের কম।

দারুণ অলরাউন্ড প্যাকেজ বলেই তাকে এবার নিলামের আগে ধরে রেখেছে চেন্নাই। আইপিএলের জন্য নিজেকে তৈরি করার উপযুক্ত মঞ্চ তিনি মনে করেন বিপিএলকে।

“যেটা বললাম আগে, এখানে ভালো খেললে দুনিয়ার প্রায় সব জায়গায় ভালো খেলা যায়। বিশেষ করে, স্পিন খেলায়। বিভিন্ন ঘরানার স্পিনার এখানে। আমার এখানে আসার কারণগুলির মধ্যে এটিও একটি, ফর্ম ধরে রাখা ও আইপিএলের জন্য প্রস্তুতি নেওয়া। এই অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগবে আইপিএলে।”

তার উন্নতির তাড়নার প্রতিফলন পড়েছে রোববার কুমিল্লার অনুশীলনেও। নেটে তাকে দেখা গেছে বিশেষ কিছু শট নিয়ে কাজ করতে। পরে বেশ কিছুক্ষণ একান্তে কথা বলতে দেখা গেছে কুমিল্লার দলের সহকারী কোচ সোহেল ইসলামের সঙ্গে।

সেই অনুশীলন আর সোহেল ইসলামের সঙ্গে কথোপকথনের বিষয়বস্তু তিনি খোলাসা করলেন কিছুটা।

“আমরা কথা বলছিলাম সুইপ করা নিয়ে। বাংলাদেশে এটি খুব গুরুত্বপূর্ণ শট। তবে এটা নির্ভর করে উইকেটের ওপরও। ঢাকায় যেমন, সুইপ করা কঠিন। তবে কিছু ক্রিকেটার সহজাতভাবেই সুইপ ভালো খেলে। আমি এটাও বলছিলাম যে আমি কিভাবে খেলি (সুইপ), স্পিনে আমার ব্যাটিংয়ের ধরন কেমন, আলোচনা করছিলাম যে কোনটা সবচেয়ে উপযুক্ত পথ।”

“সে (সোহেল) খুব ভালো ছেলে, অনেক দিন ধরে চিনি তাকে। খুব ভালো কোচও। আমি এখানে এসেছি শিখতে। শিখতে চাই, উন্নতি করতে চাই নিজের খেলায়।”

সোহেল ইসলামের সঙ্গে মইনের সম্পর্কের শুরু সেই ২০১০ সালে। বিপিএল খেলার আগেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে মইনের পা পড়ে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে। মোহামেডান স্পোর্টিং ক্লাবে সেবার তিনি খেলেন সাকিব আল হাসান, তামিম ইকবালদের সঙ্গে। সেই মৌসুমে মোহামেডানের সহকারী কোচ ছিলেন সোহেল।

শুধু সোহেলের সঙ্গে সম্পর্কই নয়, স্মৃতির ডানায় ভেসে ঢাকা লিগের সময়টায় ফিরে গেলেন মইন। তরুণ বয়সে প্রতিকূল কন্ডিশন ও উইকেটে খেলে তার নিজের খেলা অনেক সমৃদ্ধ হয়েছিল বলেই জানালেন তিনি।

“তামিম, সাকিবদের সঙ্গে খেলেছিলাম মোহামেডানে। দারুণ ছিল। অবশ্যই খুব কঠিনও ছিল ঢাকার উইকেট… দেশের নানা জায়গায় খেলেছিলাম আমরা, দর্শকরা ছিল অসাধারণ। সময়টা উপভোগ করেছিলাম। সত্যি বলতে, অনেক কিছু শিখেছিলামও, নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছিল যা।”

সেই মইন দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট রাঙিয়ে, টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে এখন এগিয়ে চলেছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়ে। এখানে তিনি ছুঁতে চান নতুন উচ্চতা। সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে নতুন মাত্রা যেমন দিতে চান তিনি, তেমনি করে চলেছেন দলগত অর্জন অনুসন্ধানও।

কুমিল্লার মতো তারকা সমৃদ্ধ ও ফর্মে থাকা দলে আসতে পেরে তিনি খুশি। এবার পূরণ করতে চান লক্ষ্য।

“এখনও উন্নতি করতে চাই। বয়স এখন ৩৪, তবু সবসময় উন্নতি করতে চাই। দল হিসেবেও আমরা ভালো করছি। ৬ ম্যাচের ৪টি আমরা জিতেছি, একটি বৃষ্টিতে ভেসে গেছে। আত্মবিশ্বাসী ও ভালো খেলতে থাকা একটি দলে আসতে পারা সবসময়ই ভালো।”

“আমি ট্রফি জিততে চাই। বয়স এখন ৩৪, হয়তো আর ৫-৬ বছর আছে (ক্যারিয়ারের)। বিশ্বজুড়ে যত বেশি সম্ভব ট্রফি আমি জিততে চাই। কুমিল্লা ভিক্টোরিয়ান্সেও এটাই আমার লক্ষ্য, টুর্নামেন্ট জয়ের চেষ্টা করা।”