পেসারদের পারফরম্যান্সে গর্বিত পেস বোলিং কোচ
সবুজ ঘাসের ছোঁয়া থাকা উইকেটে প্রথম সেশনের প্রাপ্তি ছিল স্রেফ ১ উইকেট। টস জিতে বোলিংয়ে নামা দলের পেসাররা প্রথম দুই সেশন মিলিয়ে নিতে পারেন কেবল ওই ১ উইকেটই। সারাদিনে পেসারদের প্রাপ্তি ৩ উইকেট। শরিফুল ইসলাম ছাড়া অন্য দুই পেসারের বোলিং ফিগারও খুব আকর্ষণীয় নয়। তারপরও বাংলাদেশের তিন পেসারের পারফরম্যান্সেই গর্বের উপকরণ খুঁজে পাচ্ছেন পেস বোলিং কোচ ওটিস গিবস।
মাউন্ট মঙ্গানুই টেস্টের শুরুটায় নিউ জিল্যান্ডকে বেশ চেপে ধরেছিল বাংলাদেশের পেস আক্রমণ। প্রথম ৯ ওভারে কিউইদের রান ছিল ১ উইকেটে ২! তাসকিন আহমেদ ও শরিফুল ৪ ওভার করে বোলিংয়ে রান দেন কেবল ১টি করে। প্রতিপক্ষ অধিনায়কের গুরুত্বপূর্ণ উইকেটটি নেন শরিফুল। নবম ওভারে আক্রমণে এসে ইবাদত হোসেনও শুরু করেন মেডেন নিয়ে।
নিউ জিল্যান্ড প্রথম বাউন্ডারির দেখা পায় দশম ওভারে। ওপেনার উইল ইয়াং প্রথম রানের স্বাদ পান ২২ বল খেলে। প্রথম ঘণ্টায় ১৩ ওভারে রান আসে কেবল ১৫।
কিন্তু পরের ঘণ্টা থেকেই চিত্র বদলাতে শুরু করে। দ্বিতীয় ঘণ্টায় ১৪ ওভারে রান ওঠে ৫১। কনওয়ে ও ইয়াং দ্বিতীয় উইকেটে গড়েন ১৩৮ রানের জুটি। ফিফটির পর ইয়াং রান আউট হলে এই জুটি আলাদা হয়। বাংলাদেশের পেসারদের তখন খুব একটা কার্যকর মনে হয়নি।
শেষ সেশনে আবার শরিফুল একটি উইকেট নেন, ইবাদত শেষবেলায় নেন একটি। দ্বিতীয় নতুন বলে পেসাররা বেশ ভালো বোলিং করেন।
এমনিতে সারাদিনের সামগ্রিক চিত্র খুব ভালো না হলেও পেসারদের পারফরম্যান্সে দারুণ তৃপ্ত গিবসন। তার প্রশংসা পেলেন এমনকি ২৭ ওভার বোলিং করে উইকেটশূন্য থাকা অফ স্পিনার মেহেদী হাসান মিরাজও। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বোলিং কোচ ব্যাখ্যা করলেন কারণ।
“বাংলাদেশে আমরা খুব একটা ঘাস দেখতে পাই না (উইকেটে)। ঘাস তাই একটা ব্যাপার। টসের সময় আমাদের মনে হয়েছিল, নতুন বলে কিছু মুভমেন্ট মিলবে, যা মিলেছে। তবে আজকে বেশ গরম ছিল। উইকেটের আর্দ্রতা দ্রুতই শেষ হয়ে যায় এবং এরপর উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো হয়ে ওঠে। অনেকটাই নিষ্প্রাণ হয়ে যায় উইকেট।”
“ছেলেরা যেভাবে লড়েছে, তাতে আমি গর্বিত। ফাস্ট বোলাররা হাল ছাড়েনি। মিরাজ এক পাশ দারুণভাবে আটকে রেখে অন্য প্রান্ত থেকে ফাস্ট বোলারদের বল করানোর সুযোগ করে দিয়েছে। যেটা বললাম, আমরা লড়াই চালিয়ে গেছি, এতে আমি গর্বিত।”
২০ ওভার বোলিং করে ৫৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে দিনের সেরা বোলার নিঃসন্দেহে শরিফুল ইসলাম। ২০ ওভার বোলিং করে উইকেট না পেলেও তাসকিন বেশ ভালো করেন, বিশেষ করে দুই নতুন বলে। তবে ইবাদত ছিলেন কিছুটা অধরাবাহিক। সবচেয়ে খরুচে ছিলেন তিনিই।
তবে গিবসনের প্রশংসা বরাদ্দ থাকল ইবাদতের জন্যও। বাংলাদেশের বোলিং কোচ পাশাপাশি কৃতিত্ব দিলেন সেঞ্চুরি করা ডেভন কনওয়েকেও।
“কঠিন কন্ডিশনে সব ফাস্ট বোলারই ভালো বল করেছে। তাদের জন্য অচেনা কন্ডিশন। ইবাদতও ভালো বল করেছে। নতুন বলে সকালে আমরা ছিলাম দুর্দান্ত। সামনে কিছু বল পিচ করিয়েছি, সুইং করিয়েছি, ব্যাটকে পরাস্ত করেছি অনেকবার এবং আরও কয়েকটি উইকেট হয়তো পেতে পারতাম।”
“সব মিলিয়ে আমি মনে করি, সব ফাস্ট বোলারই অনেক চেষ্টা করেছে। গরমও বেশ ছিল। আমি তাই গর্বিত ছেলেরা যেভাবে দিনজুড়ে লড়াই চালিয়ে গেছে। আরও উইকেট আমরা পেতে পারতাম। তবে এটাও মনে রাখতে হবে, দেশের মাঠে বিশ্বের সেরা দলের সঙ্গে খেলছি আমরা। বিশেষ করে ডেভন কনওয়ে সত্যিই ভালো খেলেছে।
বাংলাদেশের মতো পেস প্রতিকূল কন্ডিশন থেকে গিয়ে নিউ জিল্যান্ডের সহায়ক কন্ডিশনে দ্রুত মানিয়ে নেওয়া পেসারদের জন্য সহজ নয় অনেক সময়। বিশেষ করে লেংথ বুঝে উঠতে সময় লেগে যায় অনেকের ক্ষেত্রে। এখানেও শরিফুল-তাসকিনদের বাড়তি নম্বর দিচ্ছেন গিবসন।
“বল সুইং করানো নিয়ে অনেক কাজ করছি আমরা। সবাই আজকে কোনো না কোনো পর্যায়ে সুইং করিয়েছে। বাংলাদেশে ব্যাক অব লেংথ বল করার প্রবণতা বেশি থাকে। কারণ ততটা সুইং মেলে না। আজকে আমরা অনেক ফুলার লেংথে বোলিং করেছি। আমি সন্তুষ্ট যে আজকে সকালের কন্ডিশন আমরা কাজে লাগাতে পেরেছি।”
