সৌম্য ১৫০, শুভাগত ১৫২, লেগ স্পিনার রিশাদের ৫ উইকেট
প্রথম দিনের সেঞ্চুরির ইনিংস বেশিদূর টেনে নিতে পারলেন না সৌম্য সরকার। বাঁহাতি ব্যাটসম্যান থামলেন দেড়শ ছুঁয়েই। দেড়শ রানের দারুণ ইনিংস খেললেন শুভাগত হোমও। তাদের ব্যাটে ওয়ালটন মধ্যাঞ্চল পেল বড় সংগ্রহ। এর মাঝেই বিসিবি দক্ষিণাঞ্চলের হয়ে লেগ স্পিনার রিশাদ হোসেন আলো ছড়ালেন ৫ উইকেট নিয়ে।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিন মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে থামে ৪৮১ রানে। সোমবার দিন শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ১ উইকেটে ৯২ রান। ফিফটি করে অপরাজিত আছেন পিনাক ঘোষ।
২৯২ বলে ১৫০ রানের ইনিংস খেলেন সৌম্য। আসরে তিন ম্যাচে তার দ্বিতীয় সেঞ্চুরির ইনিংসটি গড়া ১২ চার ও ৩ ছক্কায়। ২১১ বলে ১৮টি চারে ১৫২ রান করেন অধিনায়ক শুভাগত।
দ্বিতীয় রাউন্ডে কোনো দলই কোনো লেগ স্পিনার না খেলানোয় কদিন আগে বিস্ময় প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। লেগ স্পিনার খেলাতে ফের ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন তিনি।
প্রথম দুই রাউন্ডে দল না পাওয়া রিশাদ আসরে প্রথমবার খেলতে নেমেই ৩৪.৫ ওভারে ১২৯ রানে ৫ উইকেট নিয়ে দেখালেন সামর্থ্যের ঝলক। ১৯ বছর বয়সী বোলার প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচে দ্বিতীয়বার পেলেন এই স্বাদ।
প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট পেলেন রিশাদ হোসেন। ফাইল ছবি
৬২ রান নিয়ে দিন শুরু করেন শুভাগত। প্রথম শ্রেণির ক্রিকেটে তার চতুর্দশ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি ১৪১ বলে।
জাকের আলি অনেকটা সময়ে উইকেটে কাটিয়েও ইনিংস বড় করতে পারেননি (৭৫ বলে ২৪)। তাকে কট বিহাইন্ড করে নিজের তৃতীয় শিকার ধরেন প্রথম দিন ২ উইকেট নেওয়া রিশাদ। একই ওভারে তিনি ফিরিয়ে দেন আবু হায়দারকেও।
দেড়শ ছোঁয়ার পরপর শুভাগতকে বোল্ড করে দেন জিয়াউর রহমান। নবম উইকেটে ৩৭ রানের জুটি গড়েন নাজমুল ইসলাম ও হাসান মুরাদ। ১৬ রান করে মুরাদের রান আউটে ভাঙে জুটি।
আর নাজমুলকে নিজের ফিরতি ক্যাচ বানিয়ে মধ্যাঞ্চলের ইনিংস গুটিয়ে দেওয়ার পাশাপাশি পাঁচ উইকেট পূর্ণ করেন রিশাদ।
জবাবে ব্যাটিংয়ে নেমে ষষ্ঠ ওভারেই এনামুল হক বিজয়কে হারায় দক্ষিণাঞ্চল। ডানহাতি ওপেনার এলবিডব্লিউ হন বাঁহাতি স্পিনার নাজমুলের বলে। ১৩ বল খেলে খুলতে পারেননি তিনি রানের খাতা।
অমিত হাসানকে নিয়ে দিনের বাকিটা কাটিয়ে দেন পিনাক। এই ওপেনার পঞ্চাশ স্পর্শ করেন ৬৯ বলে। ১০১ বলে ১১ চারে ৬৭ রানে অপরাজিত আছেন তিনি। ৬৬ বলে ২৫ রানে খেলছেন অমিত।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়ালটন মধ্যাঞ্চল ১ম ইনিংস: ১৪৭.৫ ওভারে ৪৮১ (আগের দিন ২৯৩/৪) (সৌম্য ১৫০, শুভাগত ১৫২, জাকের ২৪, আবু হায়দার ৪, নাজমুল ২৫, মুরাদ ১৬, মুকিদুল ২*; নাসুম ৪৮-৯-১৪১-২, সুমন ১৪-২-৬৬-০, ফরহাদ ৫-১-১৬-০, নাহিদুল ৪০-৬-৯৪-১, রিশাদ ৩৪.৫-৪-১২৯-৫, জিয়াউর ৬-১-২০-১)
বিসিবি দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৩০ ওভারে ৯২/১ (পিনাক ৬৭*, এনামুল ০, অমিত ২৫*; আবু হায়দার ৬-৩-২৩-০, নাজমুল ৬-২-১৭-১, মুকিদুল ৪-০-১৮-০, শুভাগত ৮-১-২৪-০, মুরাদ ৫-১-৮-০, মিঠুন ১-০-২-০)
