২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কীভাবে হবে বিপিএল, পথ খুঁজছে বিসিবি

নিউ জিল‍্যান্ড সফরে থাকা দলের কোয়ারেন্টিনের মেয়াদ বাড়ার প্রভাব পড়ছে এই সিরিজের পরপরই শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ওপর। কীভাবে সব দিক রক্ষা করে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট আয়োজন করা যায়, তার পথ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2021, 09:29 PM

Updated : 08 Apr 2022, 12:01 AM

আগামী ২০ জানুয়ারি বিপিএল শুরুর ভাবনার কথা অনেক দিন ধরেই বলে আসছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে নিউ জিল‍্যান্ড সিরিজ কয়েক দিন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকায়, বিপিএল শুরুর সময় নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বিসিবির।

আগামী সোমবার নিউ জিল‍্যান্ডে নতুন করে করোনাভাইরাস পরীক্ষা করানো হবে বাংলাদেশ দলের সদস‍্যদের। পরদিন ফল পাওয়ার পর আকৃতি পাবে বোর্ডের ভাবনা, শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জরুরি সভার পর জানালেন বিসিবি প্রধান নাজমুল হাসান। 

“সূচি অনুযায়ী যেদিন (নিউ জিল‍্যান্ড থেকে ক্রিকেটাররা) আসার কথা সেদিন এলেও, এর ৪-৫ দিন পর বিপিএলের জন্য জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে হত। আমরা চাচ্ছিলাম ২০ জানুয়ারি থেকে বিপিএল শুরু করব। কোনো বিরতিই দেওয়া যাচ্ছে না।”

“কীভাবে করব বিপিএল? কতটুক সময় পাব? আমরা যে পরিকল্পনা করেছি, সে অনুযায়ী না-ও হতে পারে। কাটছাঁট করা লাগতে পারে। এমন হতে পারে- যারা ওখানে আছে ওদের বাদ দিয়ে বিপিএল শুরু হয়ে যাবে। নিউ জিল্যান্ড থেকে আসার পর ২-৪ দিনের বিরতি দেওয়া হবে। তারা পরে যোগ দিবে এবং পুরো পারিশ্রমিক পাবে। আর্থিক কোনো ক্ষতি হলে বোর্ড তা পরিশোধ করবে। এটা করব বলিনি, তবে এমন সুযোগ আছে।”

ভেন‍্যু কিংবা দল কমানোর মতো ভাবনাও রয়েছে বোর্ড কর্তাদের মাথায়।

“তিনটা ভেন্যুর জন্য ছয় দিন ভ্রমণ করতে হবে। একটা ভেন্যু কমালে আমরা দুই দিন বাঁচাতে পারি।”

“ছয়টির জায়গায় পাঁচটি দল করলে আমরা ৪-৫ দিন সময় পাব। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ২১ তারিখ সিদ্ধান্ত জানার পর জানাতে পারব। বিপিএল কীভাবে করব এটাও আমরা ২১ তারিখ সিদ্ধান্ত নিব।”

আগামী বিশ্বকাপের ভাবনায় এবার বিপিএল আয়োজনের জন‍্য এতে তোড়জোড়, জানালেন নাজমুল হাসান। নয়ত বর্তমানে যে ঠাসা সূচি তাতে অন‍্য কিছুও ভাবতে পারত বিসিবি।

“যেদিন বিপিএল শেষ হওয়ার কথা সেদিন আবার আফগানিস্তান আসবে বাংলাদেশে। মানে আবার ‘বায়ো বাবল।’ এই সিরিজ শেষ করার ৪-৫ দিন পরই উড়াল দিতে হবে দক্ষিণ আফ্রিকায়। এমনটা ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত টানা চলবে।”

“নিউ জিল‍্যান্ডে খেলা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, এর সঙ্গে বিপিএলের তুলনা হয় না। আবার আফগানিস্তান যে আসবে ওটাও ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ। এই দুই সিরিজের চেয়ে তাই বিপিএল গুরুত্বপূর্ণ নয়। কিন্তু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, বিপিএলটা তাই গুরুত্বপূর্ণ।”