নিউ জিল্যান্ডে সুখবর পেল বাংলাদেশ
দেশ থেকে হাজার হাজার মাইল দূরে ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কে জাতীয় পতাকা হাতে নিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার অনুভূতিটা অন্যরকম হওয়ার কথা মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাসদের জন্য। বিজয়ের ৫০তম বার্ষিকীর সেই আনন্দের সঙ্গে একটা স্বস্তিও ছিল তাদের সঙ্গী। অবশেষে মাঠে তো যেতে পারলেন!
স্পিন কোচ রঙ্গনা হেরাথ কোভিড পজিটিভ হওয়ার পর একটা চাপা শঙ্কা ছিল দলে। অন্য আরও কজন না আক্রান্ত হন! শেষ পর্যন্ত সবশেষ কোভিড পরীক্ষায় নেগেটিভ হয়েছেন দলের বাকি সবাই। বড় এক দুর্ভাবনাও তাই সরে গেছে দল থেকে।
কোয়ারেন্টিনের মধ্যে থেকেই গত কয়েকদিন জিম করার অনুমতি ছিল যাদের, তারা অবশেষে মাঠে গিয়ে অনুশীলনের অনুমতিও পেয়েছেন। যদিও বিরূপ প্রকৃতির কারণে বৃহস্পতিবার অনুশীলন না করেই মাঠ থেকে ফিরতে হয়েছে। তবু ভিডিও বার্তায় টিম ডিরেক্টর খালেদ মাহমুদের কণ্ঠে ফুটে উঠল স্বস্তি।
“বিজয়ের ৫০ বছরে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো খবর আছে। আমরা সবাই এখানে নেগেটিভ হয়েছি (কোভিড পরীক্ষায়) এবং আমাদেরকে ট্রেনিং করার সুযোগ দিয়েছে। আমরা অনুশীলনে গিয়েছিলাম। যদিও বৃষ্টি হচ্ছে, অনুশীলন করতে পারিনি। আমরা এখন জিম সেশন করব।”
“রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি সবাই ভালো ও সুস্থ আছে।”
অনুশীলনের অনুমতি যারা পেয়েছেন, এখনকার ঠিকানা ছেড়ে তারা শুক্রবার চলে যাবেন আরেকটি হোটেলে। সেখান থেকে তারা অনুশীলন করতে পারবেন। তবে অধিনায়ক মুমিনুল হকসহ দলের বেশকজনকে আরও কদিন থাকতে হবে এখানেই।
যে উড়ানে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল, সেই ফ্লাইটেই একজন যাত্রী কোভিড পজিটিভ হন। বিমানে সেই যাত্রীর আশেপাশে থাকা সবার জন্য তাই আইসোলেশনের মেয়াদ বাড়তি। মুমিনুল, মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলিরা আছেন সেই দলে। কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে তারা ছাড়া পাবেন সোমবার।
খালেদ মাহমুদ, মুশফিকুর রহিমরা শুক্রবার এই হোটেল ছেড়ে যাওয়ার পর অবশ্য মুমিনুলরা জিম করার অনুমতি পাবেন।
নিউ জিল্যান্ডে এবার দুটি টেস্ট খেলবে বাংলাদেশ, যে সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ১ জানুয়ারি থেকে শুরু টেস্ট সিরিজ।
