তরুণ ক্রিকেটারদের জন্য মাহমুদউল্লাহর পরামর্শ
একাডেমি কাপে খেলতে আসা তরুণ ক্রিকেটারদের দেখে যেন নিজের শুরুর সময়ের কথা মনে পড়ছে মাহমুদউল্লাহর। শোনালেন, কতটা সংগ্রাম করে ও ত্যাগের বিনিময়ে উঠেছেন আজকের উচ্চতায়। নিজের চলার পথের কথা স্মরণ করে তরুণদের এই অলরাউন্ডার বললেন, হাল ছাড়া যাবে না। আপন মনে করে যেতে হবে নিজের কাজ।
মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমিতে শুক্রবার বিসিবি একাডেমি কাপ উদ্বোধন করেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। বড় পরিসরে আয়োজিত এবারের টুর্নামেন্ট অংশ নিচ্ছে ৯৬টি ক্রিকেট একাডেমি। অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান তরুণদের সব সময় ইতিবাচক থাকার পরামর্শ দিলেন।
“খেলোয়াড়দের জন্য আমি শুধু এতটুকু বলতে চাই যে, ভালো খেলার তাগিদটা যেন সবসময় নিজের মধ্যে রাখে। হতাশ হওয়া যাবে না। এসব বিষয়ে আমাদের মাথায় নেতিবাচক অনেক কিছু কাজ করে। অনেক সময় টিম কম্বিনেশনের কারণে ভালো খেলেও দলে জায়গা হারাতে হতে পারে। তো এসব ক্ষেত্রে যেন অল্পতে হতাশ না হয় এবং কষ্টটা করে যায়।”
“শৃঙ্খলা সব সময় গুরুত্বপূর্ণ, সেটা শুধুমাত্র অনুশীলনে না। মাঠে কিংবা মাঠের বাইরে সব সময় গুরুত্বপূর্ণ।”
২০১৮ সালে ৩২ দল নিয়ে হয়েছিল একাডেমি কাপ। এবার ব্যাপ্তি অনেক বাড়ানো হয়েছে। ১৭ থেকে ২১ বছর বয়সী ক্রিকেটাররা খেলবে দুই ধাপে আয়োজিত টুর্নামেন্টে। মাহমুদউল্লাহ মনে করেন, এখান থেকেও কেউ কেউ জায়গা করে নিতে পারেন জাতীয় দলে।
“একাডেমি একটা ভালো স্টেজ, জাতীয় দলে ঢোকার আগে।…এবার আরও বড় পরিসরে একাডেমি কাপ হচ্ছে, এটা খুবই ভালো সুযোগ সবার জন্য।”
“আমার মনে হয়, দিন শেষে পারফরম্যান্সটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ ভালো করলে অবশ্যই তার নজরে থাকবেন। আপনাকে বড় লেভেলে খেলার সুযোগ-সুবিধাগুলো দেওয়া হবে। কিন্তু দিন শেষে নিজের উপরও অনেক কিছু থাকে যে, আমি কীভাবে তৈরি হতে চাই, আমার লক্ষ্যটা কি? আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য আমি নিজেকে কীভাবে দেখছি। এ জিনিসগুলো গুরুত্বপূর্ণ।”
