১০০ টাকায় দেখা যাবে পাকিস্তান সিরিজের খেলা
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা। মিরপুর ১০ নম্বরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে বৃহস্পতিবার থেকে পাওয়া যাবে টিকেট।
সকাল ৯টায় শুরু হবে টিকেট বিক্রি। টিকেট থাকা সাপেক্ষে বিক্রি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তারপরও টিকেট রয়ে গেলে ম্যাচের দিনও পাওয়া যাবে বুথে।
১০০ টাকায় খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ড থেকে। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকেটের মূল্য ১৫০ টাকা। ক্লাব হাউজের টিকেটের দাম ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট ১ হাজার টাকা।
১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে দুই ডোজ কোভিড টিকা নেওয়া দর্শকেরাই কেবল মাঠে ঢুকতে পারবেন। ম্যাচের দিন মাঠে প্রবেশের সময় টিকা সার্টিফিকেট দেখাতে হবে। ১৮ বছরের কম বয়সীদের টিকার সার্টিফিকেট লাগবে না।
এই সিরিজ দিয়ে দেড় বছর পর আন্তর্জাতিক ম্যাচে দর্শক ফিরছে দেশের ক্রিকেট মাঠে। গত বছরের মার্চের পর থেকে কোভিড পরিস্থিতিতে দেশে ক্রিকেট বন্ধ ছিল দীর্ঘদিন। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের সফর দিয়ে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও খেলা হয়ে আসছিল দর্শকশূন্য মাঠে।
এখনই অবশ্য পূর্ণ গ্যালারি দর্শক রাখছে না বিসিবি। ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকিট ছাড়া হবে এবার।
টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে শুক্র, শনি ও সোমবার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর ২টায়।
