দারুণ বোলিং করেও দল হারায় হতাশ তাসকিন
আগুন ঝরা বোলিং, কিন্তু সেই আঁচে খুব একটা উষ্ণ হচ্ছে না তাসকিন আহমেদের হৃদয়। দল এভাবে হেরে যাওয়ার পর নিজের ভালো বোলিংয়ের তৃপ্তি তো আর পাত্তা পায় না। বরং আক্ষেপটাই আরও বেশি করে জাগায়। তাসকিন যেমন বলছেন, যথেষ্ট রান করতে পারেননি ব্যাটসম্যানরা।
আবু ধাবির জায়েদ স্টেডিয়ামের সবুজ ২২ গজে দক্ষিণ আফ্রিকার পেসারদের ছোবলে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ বিধ্বস্ত হয় কেবল ৮৪ রানে। ছোট্ট সেই পুঁজি নিয়েও খেলা জমিয়ে তোলার ইঙ্গিত দেয় বাংলাদেশের বোলাররা। দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন তাসকিন। তরুণ পেসার শফিউল ইসলাম ৪ ওভারে দেন কেবল ১৫ রান।
তবে আর কোনো বিশেষজ্ঞ পেসার ছিল না বাংলাদেশের একাদশে। প্রোটিয়া ব্যাটসম্যানদের ছিল না রান তাড়ার চাপ। তাসকিন-শরিফুলের বোলিং শেষে দক্ষিণ আফ্রিকা জিতে গেছে অনেকটা অনায়াসেই।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বললেন তার নিজের ও বোলারদের চেষ্টার কথা। কিন্তু তার কণ্ঠেই ফুটে উঠল, ম্যাচ কার্যত শেষ বাংলাদেশের ব্যাটিংয়েই।
“ভালো হয়েছে (বোলিং)। কিন্তু দিনশেষে ম্যাচ জিততে না পারলে তো খারাপ লাগে। দুর্ভাগ্যজনকভাবে, ভালো রান করতে পরিনি আমরা।”
“প্রতিটি বলেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নের চেষ্টা করেছি। দলের যে পরিকল্পনা ছিল, সেভাবেই করার চেষ্টা করেছি। ভালো বোলিং করেও টি-টোয়েন্টিতে অনেক দিনে রান বেশি হয়ে যায়, খারাপ বোলিংয়েও অনেক দিন উইকেট আসে। টি-টোয়েন্টিতে বলা যায়, একেকদিন একেরকম হয়। আমরা বোলাররা চেষ্টা করেছি।”
তাসকিনের দুটি উইকেটই ছিল দুর্দান্ত দুটি ডেলিভারিতে। প্রথম ওভারে সিমে পিচ করা ভেতরে ঢোকা ডেলিভারিতে আউট করেন তিনি রিজা হেনড্রিকসকে। পরে এইডেন মারক্রামকে আউট করেন সামান্য বেরিয়ে যাওয়া বলে।
টুর্নামেন্ট জুড়ে দারুণ বোলিং করা ফাস্ট বোলার বললেন, উইকেটের সহায়তা কাজে লাগিয়ে নিজের মতো বোলিং করেই পেয়েছেন সাফল্য।
“উইকেটে আজকে কিছু ছিল (সহায়তা)। সিম মুভমেন্ট মিলেছে কিছু। আমি নিজের মূল জায়গাটা ধরে রেখেছি এবং উইকেটে জোরে হিট করার চেষ্টা করেছি। কিছু ইন কাটার ও বাইরে সুইংও পেয়েছি। ডানহাতি ব্যাটসম্যানের জন্য আমি বেশির ভাগ সময়ই বল বাইরে নেওয়ার চেষ্টা করি। তখন ইন কাটার হলে, আউট সুইঙ্গার আরও কার্যকর হয়। এভাবেই মারক্রামের উইকেট পেয়েছি।”
