নাহিদুলের ক্যারিয়ার সেরা ১৭৫
প্রথম দিনের ফিফটিকে বেশিদূর টেনে নিতে পারলেন মেহেদী হাসান মিরাজ। তবে নাহিদুল ইসলাম তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তার ক্যারিয়ার সেরা ইনিংসে খুলনা বিভাগ পেল বড় সংগ্রহ।
জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরে একটা পর্যায়ে ৬ উইকেটে ১১৯ রানের নড়বড়ে অবস্থা থেকে খুলনা করেছে ৪১৯ রান। এর পুরো কৃতিত্ব নাহিদুল ও মিরাজের। সপ্তম উইকেটে দুজন গড়েন ১৪৭ রানের জুটি।
প্রথম শ্রেণির ক্রিকেটে আগের ৩০ ম্যাচে নাহিদুলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ৬৪। ২৮ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডার এবার খেললেন ১৭৫ রানের চমৎকার ইনিংস। স্বীকৃত ক্রিকেটে এটাই তার প্রথম সেঞ্চুরি। ২৫৬ বলের ইনিংসটি গড়া ১২ চার ও ৬ ছক্কায়। মিরাজ ১১৩ বলে ৬ চার ও এক ছক্কায় ৬৭।
দুই ওপেনারের দৃঢ়তায় শক্ত ভিত পেয়েছে ঢাকাও। দ্বিতীয় দিন শেষে তাদের রান বিনা উইকেটে ৮৬। আব্দুল মজিদ ৯২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫০ রানে খেলছেন। রনি তালুকদার ১২৫ বলে ৪টি চারে ৩৪ রানে অপরাজিত আছেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে সোমবার দ্বিতীয় দিনের উইকেট ছিল যথেষ্ট ব্যাটিং সহায়ক। ৬ উইকেটে ২৩১ রান নিয়ে দিন শুরু করে খুলনা।
৫১ রান নিয়ে দিন শুরু করা মিরাজকে ফিরিয়ে জুটি ভাঙেন নাজমুল ইসলাম অপু। বাঁহাতি স্পিনারকে বেরিয়ে এসে খেলার চেষ্টায় বলের লাইন মিস করে স্টাম্পড হন ডানহাতি ব্যাটসম্যান।
আগের দিন ৭৭ রানে অপরাজিত নাহিদুল ৯৮ থেকে বোলার নাজমুলের ওভার থ্রোয়ে বাউন্ডারি পেয়ে পূর্ণ করেন সেঞ্চুরি, ১৬৪ বলে। অষ্টম উইকেট জুটিতে তাকে দারুণ সঙ্গ দেন অভিষিক্ত পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি। তাদের ব্যাটে দলের স্কোর ছাড়ায় তিনশ।
৭৭ রানের জুটি ভাঙে মৃত্যুঞ্জয়ের বিদায়ে। সালাউদ্দিন শাকিলের বলে ক্যাচ দেন তিনি ২৮ রান করে। নাহিদুল দেড়শ ছুঁয়ে দলকে এগিয়ে নেন রায়হানউদ্দিনকে সঙ্গী করে। তাদের ৫৭ রানের জুটিতে দলের স্কোর স্পর্শ করে চারশ।
এরপরই বিদায় নেন নাহিদুল। পেসার এনামুল হকের বলে শুভাগত হোমকে ক্যাচ দিয়ে শেষ হয় তার ১৭৫ রানের অসাধারণ ইনিংসটি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া রায়হান করেন ৩১ রান।
১৩৮ রানে ৪ উইকেট নিয়ে ঢাকার সফলতম বোলার নাজমুল। দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নামা এনামুল ১০১ রানে নেন ৩ উইকেট।
পরে দিনের বাকি ৩৬ ওভারে ঢাকার উদ্বোধনী জুটি ভাঙতে পারেননি খুলনার বোলাররা। এদিন ১৪ ওভার বোলিং করা মিরাজের ৮টিই মেডেন। দেন কেবল ১৪ রান। এই অফ স্পিনিং অলরাউন্ডার প্রথম দুই রাউন্ডে নিয়েছিলেন ১৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা বিভাগ ১ম ইনিংস: ১৪১.৩ ওভারে ৪১৯ (আগের দিন ২৩১/৬) (নাহিদুল ১৭৫, মিরাজ ৬৭, মৃত্যুঞ্জয় ২৮, রায়হান ৩১, হালিম ৫*; সালাউদ্দিন ১৮-১-৫৯-১, এনামুল ২৭-৪-১০১-৩, শুভাগত ২৮-১০-৬১-০, নাজমুল ৫০.৩-১১-১৩৮-৪, সাইফ ৩-০-১০-১, তাইবুর ১৬-৩-৩৭-১)
ঢাকা ১ম ইনিংস: ৩৬ ওভারে ৮৬/০ (মজিদ ৫০*, রনি ৩৪*; হালিম ৮-২-১৯-০, মৃত্যুঞ্জয় ৭-১-১৯-০, মিরাজ ১৪-৮-১৪-০, রায়হান ৬-১-৩১-০, নাহিদুল ১-০-২-০)।
মাইশুকুরের ব্যাটে রংপুরের লিড
প্রথম স্তরের আরেক ম্যাচে মাইশুকুর রহমানের ফিফটিতে সিলেট বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে বড় লিড নিয়েছে রংপুর বিভাগ।
প্রথম দিন সিলেটকে ১১৩ রানে গুটিয়ে দেওয়া রংপুর দ্বিতীয় দিনে অলআউট হয় ২৬৬ রানে। লিড পায় ১৫৩ রানের। ইনিংস শুরু করে ২০৩ বলে ৪টি চারে ৭২ রান করেন মাইশুকুর।
দিন শেষে দ্বিতীয় ইনিংসে সিলেটের রান ১ উইকেটে ৩২। এখনও ১২১ রানে পিছিয়ে আছে তারা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিনা উইকেটে ৮২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে রংপুর। আগের দিন ৪৬ রানে অপরাজিত মাইশুকুর ফিফটি তুলে নেন দ্রুতই। তবে প্রথম দিনের ২৯ রানের সঙ্গে জাহিদ জাবেদ যোগ করতে পারেন কেবল ৫। তাকে বোল্ড করে ৮৭ রানের শুরুর জুটি ভাঙেন রেজাউর রহমান।
টিকতে পারেননি মাহমুদুল হাসান, নাঈম ইসলাম ও আকবর আলী। আগ্রাসী ব্যাটিংয়ে ৪১ বলে ২ চার ও এক ছক্কায় ২৮ রান করেন আরিফুল হক। মাইশুকুরকে এলবিডব্লিউ করে থামান সৈয়দ খালেদ আহমেদ। ২৮ রান করে শাহানুর রহমানের বলে বোল্ড হন তানবীর হায়দার।
১৮৮ রানে ৭ উইকেটে হারানো দলটির স্কোর আড়াইশ ছাড়ায় ধীমান ঘোষ ও সোহরাওয়ার্দী শুভর ব্যাটে। অষ্টম উইকেটে দুজন গড়েন ৬৬ রানের জুটি।
সোহরাওয়ার্দীকে (৭১ বলে ২১) ফিরতি ক্যাচ নিয়ে বিদায় করেন এনামুল হক জুনিয়র। পরে একই ওভারে তিন বলের মধ্যে ধীমান (৯৬ বলে ৩৬) ও মুকিদুল ইসলামকে ফিরিয়ে রংপুরের ইনিংস গুটিয়ে দেন শাহানুর।
অফ স্পিনে তিনি নেন ৩ উইকেট। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার এনামুলের প্রাপ্তিও ৩টি। দুই পেসার খালেদ ও রেজাউর নেন ২টি করে উইকেট।
পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সায়েম আলমকে হারায় সিলেট। মুকিদুলের বলে দ্বাদশ ফিল্ডার রিশাদ হোসেনকে ক্যাচ দেন তিনি ২ রানে। দিনের বাকিটা সময় কাটিয়ে দেন শানাজ আহমেদ (২*) ও অমিত হাসান (২৮*)।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট বিভাগ ১ম ইনিংস: ১১৩
রংপুর বিভাগ ১ম ইনিংস: ১০১.৫ ওভারে ২৬৬ (আগের দিন ৮২/০) (মাইশুকুর ৭২, জাহিদ ৩৪, মাহমুদুল ০, নাঈম ১, আকবর ৯, আরিফুল ২৮, তানবীর ২৫, ধীমান ৩৬, সোহরাওয়ার্দী ২১, রবিউল ১০*, মুকিদুল ০; খালেদ ২০-৩-৬০-২, তানজিম ১০-৪-২১-০, রেজাউর ১৭-৪-৪৪-২, এনামুল জুনিয়র ৩০-৭-৭৯-৩, শাহানুর ২৪.৫-৮-৪০-৩)
সিলেট বিভাগ ২য় ইনিংস: ১২.২ ওভারে ৩২/১ (সায়েম ২, শানাজ ২*, অমিত ২৮*; মুকিদুল ৫-১-২০-১, রবিউল ৪-০-৯-০, সোহরাওয়ার্দী ২-১-৩-০, আরিফুল ১.২-১-০-০)
