পাকিস্তান সফরে না যাওয়ায় ক্ষমা চাইল ইংল্যান্ড
পাকিস্তান সফর বাতিল করায় পিসিবির সঙ্গে সম্পর্কে যে ফাটল ধরেছে তাতে প্রলেপ দিতে চায় ইংল্যান্ড। কথা দিয়েও দেশটিতে না যাওয়ায় ক্ষমা চেয়েছেন ইসিবি চেয়ারম্যান ইয়ান ওয়াটমোর। একই সঙ্গে জানিয়েছেন, আগামী বছর পাকিস্তানে যেতে সম্ভাব্য সবকিছু করবেন তারা।
গত ১৭ সেপ্টেম্বর নিরাপত্তা শঙ্কায় শেষ মুহূর্তে সিরিজ বাতিল করে পাকিস্তান থেকে দেশে ফিরে যায় নিউ জিল্যান্ড দল। পরে ইংল্যান্ডও পুরুষ ও নারী দলকে পাকিস্তান না পাঠানোর কথা জানায়।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের বিবৃতিতে নিরাপত্তা শঙ্কার কথা সরাসরি উল্লেখ করেনি তখন। তবে ওয়াটমোর এখন সেটাকেও একটি কারণ বললেন।
এই সফর দিয়ে ১৬ বছর পর পাকিস্তানে খেলতে যাওয়া কথা ছিল ইংল্যান্ড পুরুষ দলের। আর নারীদের ছিল দেশটিতে প্রথম সফর। দুটি করে টি-টোয়েন্টি খেলত পুরুষ ও নারী দল। ছেলেরা এরপর ফিরে গেলেও মেয়েরা থাকত পাকিস্তানেই। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল তাদের।
মূলত গত বছর বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর ইংল্যান্ডে ক্রিকেট ফিরিয়ে আনার প্রক্রিয়ায় পাকিস্তান দল ইংল্যান্ড সফরে যাওয়ার পর দুই বোর্ডের মধ্যে পাকিস্তান সফর নিয়ে আলোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে ইংল্যান্ড চলতি বছর ছোট্ট এই সফরের জন্য সম্মত হয়। কিন্তু শেষ পর্যন্ত তা আলোর মুখ না দেখায় দা গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ইসিবি প্রধান জানালেন খারাপ লাগার কথা।
“যারা আমাদের সিদ্ধান্তে আঘাত পেয়েছেন বা হতাশ হয়েছেন, বিশেষ করে পাকিস্তানে, তাদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখিত। বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে তা ছিল অত্যন্ত কঠিন।”
“বিস্তারিততে যাব না। তবে নিরাপত্তার বিষয়ে পরামর্শ পেয়েছি, আর ক্রিকেটারদের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপের অল্প সময় থাকার কারণে ও নিউ জিল্যান্ড পাকিস্তান ছাড়ায় সিদ্ধান্তটি দ্রুত নিতে হয়েছে। এগুলো কারণ ছিল, তবে বিবেচনার মূলে ছিল ক্রিকেটারদের কল্যাণ।”
ইংল্যান্ডের সফর বাতিল করা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রমিজ রাজা। সিদ্ধান্তটি নিয়ে সমালোচনা করেছেন ইংলিশ ক্রিকেটাররাও।
আগামী বছরই আবার পাকিস্তান যাওয়ার কথা রয়েছে ইংল্যান্ডের। ওয়াটমোর জানালেন, আইসিসি ভবিষ্যৎ সফর সূচিতে থাকা এই সিরিজে খেলতে সম্ভাব্য সবকিছু করবেন তারা।
“পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক নতুন করে গড়তে হবে। ২০২২ সালে সেখানে যাওয়ার দিকে পুনরায় মনোযোগ দিতে হবে। গত বছর পাকিস্তান দল এখানে (ইংল্যান্ডে) আসার জন্য অত্যন্ত কৃতজ্ঞ এবং পরের বছর নির্ধারিত সফরের জন্য আমাদের যা করণীয় আমরা করব।”
