২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চাশ-একশর সুযোগ নেই, কার্যকর ১০-২০ রানেও খুশি মেহেদি

ঘরোয়া ক্রিকেটে শেখ মেহেদি হাসানের পরিচয় ব্যাটিং অলরাউন্ডার। তবে জাতীয় দলে এখনও পর্যন্ত তার ভূমিকা বোলিং অলরাউন্ডারের। ব্যাটিংয়ে ওপরের দিকে সুযোগ খুব বেশি পাননি এখনও। যতটুকু পেয়েছেন, সেসবও কাজে লাগাতে পারেননি। সামনে তাই ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে চান এই অলরাউন্ডার। নিচের দিকে ব্যাটিংয়ে বড় ইনিংস খেলার সুযোগ না থাকলেও অবদান রাখতে চান নিজের মতো করেই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2021, 07:03 PM

Updated : 02 Aug 2022, 06:16 PM

প্রথম শ্রেণির ক্রিকেটে মেহেদির সেঞ্চুরি ৬টি। টপ অর্ডারে ব্যাট করেন নিয়মিতই। ঘরোয়া অন্যান্য সংস্করণেও টপ অর্ডারেই দেখা যায় তাকে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তার অলরাউন্ডার সত্ত্বার পালাবদল মূলত টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন বলে কার্যকর বোলিংয়ের কারণেই। জাতীয় দলে এই ভূমিকা তিনি পালন করছেন প্রায় নিয়মিতই। ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সংস্করণেই ব্যাটিংয়ে তাকে লোয়ার বা লোয়ার-মিডল অর্ডারে বিবেচনা করা হচ্ছে।

সেখানে ব্যাট হাতে খুব একটা সফল হতে পারেননি তিনি এখনও। নিউ জিল্যান্ড সিরিজের আগে বিসিবির ভিডিও বার্তায় এই অলরাউন্ডার বললেন, শেষের দিকে ব্যাটিংয়ে সুযোগটা সীমিত হলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ আছে।

“ব্যাটিংয়ে দলের জন্য অবদান রাখা খুব গুরুত্বপূর্ণ। সেটা ১০ রান হোক বা ৫ রান কিংবা ২০ রান। আমি যে পজিশনে ব্যাট করি, তখন ১০০ মারার সুযোগ থাকে না, ৫০ মারারও সুযোগ থাকে না। তখন ১০ রানই খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। যদি ৫ বলে বা ৬ বলে ১০ করি, দলকে অনেক এগিয়ে দেয়।”

টি-টোয়েন্টিতে অবশ্য একবার ওপেনিংয়ে, দুবার তিনে ও একবার চারে ব্যাট করার সুযোগ পেয়েছেন মেহেদি। জ্বলে উঠতে পারেনি একবারও। পরেরবার সুযোগ পেলে আর হাতছাড়া করতে চান না তিনি।

“বাংলাদেশ দলে মাঝেমধ্যে ওপরেও খেলতে হয়, তখন একটা সুযোগ থাকে, যে সুযোগটা আমি এখনও পর্যন্ত কাজে লাগাতে পারিনি। একটা সুযোগ থাকে ওইখানে টি-টোয়েন্টিতে বেশ কিছু রান করার। আমি সবসময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার জন্য। দলের পছন্দমতো যেখানে ম্যানেজমেন্ট থেকে বলা হয়, আমি চেষ্টা করি সেখান থেকে উন্নতি করার।”