২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ক্রিকেট ছাড়লেন উন্মুক্ত চাঁদ

ভারতের ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক তিনি। ছিলেন দেশের ভবিষ্যৎ প্রতিনিধিদের একজন। কিন্তু ক্যারিয়ার বিকশিত হয়নি সেভাবে। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত পা রাখতে পারেননি। সামনেও দেখছেন না কোনো সম্ভাবনা। তাই ভারত ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন উন্মুক্ত চাঁদ। বিশ্বজুড়ে সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ খুঁজতে চান তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2021, 08:44 PM

Updated : 07 Apr 2022, 11:29 PM

ভারতের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা শুক্রবার টুইট করে জানান ২৮ বছর বয়সী উন্মুক্ত।

২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ভারত। ২২৫ রান তাড়ায় ওপেনিংয়ে নেমে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন উন্মুক্ত। ক্রিকেটের উচ্চ পর্যায়েও ভালো করার সম্ভাবনা দেখিয়েছিলেন তিনি। কিন্তু পরে আর নিজেকে প্রমাণ করতে পারেননি সেভাবে। তাই সুযোগও মেলেনি আন্তর্জাতিক ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করার।

দেশের ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত সহজ ছিল না উন্মুক্তের জন্য।

“কেমন অনুভব করা উচিত আমি জানি না। কারণ, সত্যি বলতে আমি এখনও বুঝে উঠতে পারছি না। আবার দেশের প্রতিনিধিত্ব করতে না পারার চিন্তা আক্ষরিক অর্থে কিছু সময়ের জন্য আমার হৃদস্পন্দন বন্ধ করে দিয়েছিল।”

“ব্যক্তিগতভাবে ভারতে ক্রিকেটের পথচলায় বেশ কিছু গৌরবময় মুহূর্ত ছিল আমার। ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা ছিল আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্তগুলোর একটি। অধিনায়ক হিসেবে শিরোপা উঁচিয়ে ধরা ও বিশ্বের নানা প্রান্তে থাকা ভারতীয়দের মুখে হাসি ফোটানো ছিল বিশেষ এক অনুভূতি। আমি কখনোই সেই অনুভূতি ভুলব না। এছাড়াও, অসংখ্য ম্যাচে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেওয়া এবং বিভিন্ন দ্বিপাক্ষিক এবং ত্রিদেশীয় সিরিজ জেতা আমার স্মৃতিতে চিরকালের জন্য গেঁথে আছে।”

এখন পর্যন্ত ৬৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে উন্মুক্ত রান করেছেন ৩১.৫৭ গড়ে ৩ হাজার ৩৭৯। যেখানে ৮ সেঞ্চুরির পাশে রয়েছে ১৬টি ফিফটি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২০ ম্যাচ খেলা এই বাঁহাতি ব্যাটসম্যানের সেঞ্চুরি আছে ৭টি, ফিফটি ৩২টি। রান করেছেন ৪১.৩৩ গড়ে ৪ হাজার ৫০৫।

টি-টোয়েন্টিতে ৭৭ ম্যাচে ২২.৩৫ গড় ও ১১৬.০৯ স্ট্রাইক রেটে তার রান এক হাজার ৫৬৫। সেঞ্চুরি ৩টি ও ৫টি ফিফটি।

১৮ বছর বয়সে আইপিএল অভিষেক হয় উন্মুক্তের। কিন্তু সেভাবে পারেননি পারফরম্যান্স করতে। দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে হতাশার সব আসর কাটে তার। ভারত ‘এ’ দলে ছিলেন নিয়মিত। তার নেতৃত্বে ২০১৫ সালে নিউ জিল্যান্ড ‘এ’ ও বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে জিতেছিল ভারত।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও খেলা উন্মুক্তের ক্যারিয়ারে এরপরই উল্টো দিকে যাত্রা শুরু। বিজয় হাজারে ট্রফির দল থেকে তিনি বাদ পড়েন ২০১৬ সালে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সও তাকে রাখেনি দলে। পরের নিলামে পাননি কোনো দল।

২০১৯-২০ মৌসুমে উত্তরাখান্ডের হয়ে পেশাদার ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন। সেখানেও সাফল্য মেলেনি। মৌসুমে ৭ ম্যাচ খেলে রান করেন ১৩.৯২ গড়ে কেবল ১৯৫।

কঠিন সময় পার করছেন ক্যারিয়ারে, ছেড়ে দিলেন ভারতের ক্রিকেট। তবে ক্রিকেট থেকে এখনই সরে দাঁড়াচ্ছেন না উন্মুক্ত। ভারতে না হোক, বিশ্বের অন্য কোনো দেশের হয়ে হলেও সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলতে চান তিনি।

“গত কয়েক বছরে সবকিছু মসৃণ ছিল না। আর সুযোগগুলোও কাজে লাগানো যায়নি। গত বছরগুলো যেভাবে গিয়েছে আমি তাতে সন্তুষ্ট নই। আমি এখনও আশার আলো দেখছি। ভালো স্মৃতি নিয়ে বিসিসিআইকে বিদায় জানানো এবং বিশ্বজুড়ে আরও ভালো সুযোগের সন্ধান করছি।”