২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে কাজ শুরু করতে মুখিয়ে প্রিন্স

বাংলাদেশ দলে এক সিরিজের দায়িত্ব অ্যাশওয়েল প্রিন্সের কাছে ছিল দারুণ উপভোগ্য। এবার রোমাঞ্চ নিয়ে তিনি অপেক্ষায় লম্বা সময় কাজ করার জন্য। নতুন চ্যালেঞ্জ নিতে তর সইছে না বাংলাদেশের নতুন ব্যাটিং পরামর্শকের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2021, 09:56 PM

Updated : 02 Aug 2022, 06:12 PM

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান কদিন আগে বলেছিলেন, দীর্ঘমেয়াদী ব্যাটিং কোচ হিসেবে তারা নিয়োগ দিয়েছেন প্রিন্সকে। বিসিবি বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় তার মেয়াদ। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান।

গত মাসে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছিলেন প্রিন্স। ওই সিরিজ ছিল অনেকটা পরীক্ষামূলক। সেই পরীক্ষায় তিনি উতরে গেছেন বলেই পাকাপাকি দায়িত্ব পেলেন।

বাংলাদেশের দায়িত্ব নিতে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল ওয়েস্টার্ন প্রভিন্সের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন প্রিন্স।

৪৪ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যান জানালেন, এক সিরিজে বাংলাদেশ দলে কাজ করে দারুণ উপভোগ করায় নতুন চ্যালেঞ্জে আগ্রহী হয়েছেন তিনি।

“বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়েতে দারুণ সফল সফরের সময়টা আমি পুরোপুরি উপভোগ করেছি। বাংলাদেশ ও জিম্বাবুয়ে, দুই দলই যে পর্যায়ের ক্রিকেট খেলেছে, তা ছিল সত্যিই উঁচু মানের। সফরের শেষ রাতে, গোটা দল একসঙ্গে হয়ে দারুণ সন্তোষজনক সফরটি নিয়ে যখন আলোচনা করছিল, তখন অস্ট্রেলিয়া সিরিজের পরিকল্পনাও হয়েছিল।”

“আমার মনে হয় না, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ফলাফল বাংলাদেশ দলের কারও জন্য বিস্ময় হয়ে এসেছে। আমাকে তাই যখন পূর্ণকালীন দায়িত্বে প্রস্তাব দেওয়া হলো, তা লুফে নেওয়ার কারণটা বোধগম্যই।”

সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ব্যাটিং কোচ ছাড়া খেলেছে বাংলাদেশ দল। নিউ জিল্যান্ডের বিপক্ষে সামনের সিরিজের আগে চলে আসবে প্রিন্স। তিনি নিজেও তাকিয়ে আছেন নতুন শুরুর দিকে।

“আমার বিশ্বাস, প্রতিভাবান একটি স্কোয়াড ও অভিজ্ঞ কোচিং স্টাফ নিয়ে সত্যিকার অর্থেই ইতিবাচক দলীয় আবহ গড়ে তুলতে পেরেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তাদের সঙ্গে কাজ করে আমি উপভোগ করেছি। দলের সঙ্গে আবার যোগ দিতে মুখিয়ে আছি, এটা বলায় তাই কোনো বাড়াবাড়ি নেই।”

দক্ষিণ আফ্রিকার হয়ে প্রায় ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রিন্স ৬৬ টেস্ট ও ৫২ ওয়ানডে খেলে রান করেন সাড়ে চার হাজার। টেস্ট সেঞ্চুরি আছে ১১টি। ২০০৬ সালে গ্রায়েম স্মিথের চোটে শ্রীলঙ্কা সফরে ২ টেস্টে নেতৃত্ব দিয়ে তিনি গড়েন ইতিহাস। দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ অধিনায়ক তিনি।

বাংলাদেশের আগে তার কোচিং অভিজ্ঞতাও আছে বেশ। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে পরের বছর দক্ষিণ আফ্রিকার নির্বাচক হিসেবে শুরু করেন নতুন অধ্যায়। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার জন্য ২০১৬ সালের সেপ্টেম্বরে নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি কোপ কোবরাস-এর সহকারী কোচের দায়িত্ব নেন তিনি। কদিন পর কোবরাস-এর প্রধান কোচ পল অ্যাডামস পদত্যাগ করলে স্থলাভিষিক্ত হন প্রিন্স।

পরে তিনি কাজ করেন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রধান কোচ হিসেবে। ২০১৯ সালের ভারত সফরে ব্যাটিং কোচ হিসেবে কিছুটা কাজ করেন জাতীয় দলের সঙ্গেও।

বাংলাদেশে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ অগাস্ট ঢাকায় আসবে নিউ জিল্যান্ড দল।