সাকিব ছিলেন না ক্রিস্টিয়ানের লক্ষ্য
পুরনো বলে প্রতিটি রান করতে লড়াই করতে হবে, আগের দিনই বুঝেছিলেন ড্যান ক্রিস্টিয়ান। তাই নতুন বলে কাজে লাগাতে চেয়েছিলেন পাওয়ার প্লে। নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে নামেননি। স্রেফ বল দেখছিলেন আর মারছিলেন। তাতেই সাকিব আল হাসানের ওভারে হয়ে যায় পাঁচ ছক্কা!
দুটি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে টি-টোয়েন্টিতে সিরিজে ওভার প্রতি সবচেয়ে কম রান উঠছে এই সিরিজেই। চার ম্যাচ শেষে ওভার প্রতি রান ছয়ের নিচে। সেখানে এক ওভারেই ৩০। সেটাও বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ বোলার সাকিবের বিপক্ষে, বেশ চমক জাগানো।
তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার ইনিংসের শেষটায় ক্রিজে ছিলেন ক্রিস্টিয়ান। শেষ ২ ওভারে সফরকারীদের প্রয়োজন ছিল ২৩ রান। ১৯তম ওভারে ক্রিস্টিয়ানকে টানা চারটি ডট বল খেলিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। চতুর্থ ম্যাচে মাঠের নামার সময় এই অভিজ্ঞতা মনে ছিল ক্রিস্টিয়ানের।
মিরপুর শের-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল কেবল ১০৫ রান। প্রথম তিন ওভারে অধিনায়ক ম্যাথু ওয়েডের উইকেট হারিয়ে সফরকারীরা তোলে ১৫ রান।
ম্যাচ শেষে ক্রিস্টিয়ান জানান, তিনি দ্রুত রান তোলার পরিকল্পনা নিয়ে নেমেছিলেন, কোনো নির্দিষ্ট বোলার তার ভাবনায় ছিল না।
“বিগব্যাশ, আইপিএলে সাকিবের বিপক্ষে আমি কিছু ম্যাচ খেলেছি। না, সে আমার লক্ষ্য ছিল না। আমার কাজ ছিল, ক্রিজে গিয়ে দ্রুত যত বেশি সম্ভব রান করা। পরে যারা আসবে তাদের জন্য রান তাড়ার কাজটা সহজ করা।”
“সাকিবের ওপর চড়াও হওয়ার নির্দিষ্ট কোনো পরিকল্পনা আমার ছিল না। ওই ওভারটাতে আমি সৌভাগ্যবান ছিলাম। শটগুলো মাঝ ব্যাটে লেগেছে। পাওয়ার প্লেতে ব্যাটিংয়ের মজাই এটা। আমি বেশ স্বাধীনতা নিয়ে খেলছিলাম।”
