২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ১৯ ওভারে ১০৫/৭ (বাংলাদেশ ২০ ওভারে ১০৪/৯)

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2021, 05:34 PM

Updated : 10 Oct 2022, 06:10 PM

অবশেষে অস্ট্রেলিয়ার জয়

হতাশার সফরে সিরিজ হারার পর প্রথম জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। লক্ষ্য বড় না হলেও ধুঁকতে থুঁকতে শেষ পর্যন্ত তারা জিততে পারল ৩ উইকেটে।

১০৫ রান তাড়ায় এক ওভারেই ৩০ নেন ড্যান ক্রিস্টিয়ান, তার পরও পরাজয়ের শঙ্কায় ছিল অস্ট্রেলিয়া। ৬৫ রানে হারায় তারা ৬ উইকেট। তবে অ্যাশটন অ্যাগারের সৌজন্যে শেষ পর্যন্ত শঙ্কা কাটাতে পারে তারা। আটে নেমে ২৭ বলে ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। জয়ের কাছে গিয়ে তিনি আউট হলেও দল জিতে যায় এক ওভার বাকি রেখে।

১০৪ রানের পুঁজিতে সাকিবের ৪ ওভারে ৫০ রানই শেষ পর্যন্ত হয়ে গেল বড় পার্থক্য।

সিরিজের শেষ ম্যাচ সোমবার।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১০৪/৯ (নাঈম ২৮, সৌম্য ৮, সাকিব ১৫, মাহমুদউল্লাহ ০, সোহান ০, আফিফ ২১, শামীম ৩, মেহেদি ২৩, নাসুম ২*, শরিফুল ০; টার্নার ৪-০-২২-০, হেইজেলউড ৪-০-২৪-২, অ্যাগার ৪-০-২৩-০, টাই ৩-০-১৮-৩, সোয়েপসন , হেনরিকেস ১-০-৫-০)।

অস্ট্রেলিয়া: ১৯ ওভারে ১০৫/৭ (ম্যাকডারমট ৫, ওয়েড ২, ক্রিস্টিয়ান ৩৯, মার্শ ৫১, হেনরিকেস ৪, কেয়ারি ১, টার্নার ৯*, অ্যাগার ২৭, টাই ৪*; মেহেদি ৪-০-১৭-২, সাকিব ৪-০-৫০-০, নাসুম ৪-০-১৭-১, মুস্তাফিজ ৪-১-৯-২, শরিফুল ২-০-৮-১, মাহমুদউল্লাহ ১-০-৩-০)।

শামীমের অসাধারণ ক্যাচ

দারুণ ব্যাটিংয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন অ্যাশটন অ্যাগার। তাকে দুর্দান্ত ক্যাচে ফেরালেন শামীম হোসেন।

শরিফুল ইসলামের লেগ স্টাম্পে থাকা বল একটু জায়গা বানিয়ে উড়িয়ে মারেন বাঁহাতি অ্যাগার। মিড অনে ডানদিকে ঝাঁপিয়ে দুই হাতে চোখধাঁধানো রিফ্লেক্স ক্যাচ নেন শামীম।

অ্যাগার অবশ্য খেলে গেছে ২৭ বলে ২৭ রানের মহামূল্য ইনিংস। ১৭.৩ ওভারে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ৯৯।

সাকিবের অনাকাঙ্ক্ষিত ফিফটি

টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার একটি ফিফটির দেখা পেলেন সাকিব আল হাসান, যেটি সব বোলারের অনাকাঙ্ক্ষিত। প্রথমবার রান দেওয়ার ফিফটি করলেন তিনি!

সাকিবের ৪ ওভারে রান এলো ঠিক ৫০। এর মধ্যে ছিল ৫ ছক্কায় ৩০ রানের সেই ওভার।

৮৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে সাকিবের আগের সবচেয়ে খরুচে বোলিং ছিল ৪ ওভারে ৪৯ রান, ২০১৯ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে। সেদিনও সাকিবের এক ওভারে ৩০ রান নিয়েছিলেন রায়ান বার্ল।

মেহেদির শিকার আরেকটি

সিরিজে দারুণ ফর্মে থাকা মিচেল মার্শকে ফিরিয়ে বাংলাদেশের বড় বাধা সরালেন মেহেদি হাসান। বোল্ড করে দিলেন দুর্দান্ত এক ডেলিভারিতে।

অফ স্পিনারের জন্য ধ্রুপদি এক ডেলিভারি সেটি। দুর্দান্ত ফ্লাইট মার্শকে আমন্ত্রণ জানায় ড্রাইভ করতে। সেটি করতে গিয়েই নিজের পতন ডেকে আনেন মার্শ। বল টার্ন করে ব্যাটের বাইরে দিয়ে গিয়ে ছোবল দেয় স্টাম্পে। 

আগের প্রথম দুই ম্যাচে ৪৫ ও পরের ম্যাচে ফিফটির পর এবার মার্শ ফিরলেন ১৫ বলে ১১ রান করে। ১০.২ ওভারে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৬৫।

অসাধারণ মুস্তাফিজ

এমনিতে কাটার দিয়ে অস্ট্রেলিয়ানদের ভোগালেও এবার দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে মুস্তাফিজুর রহমান ফেরালেন অ্যালেক্স কেয়ারিকে। স্লোয়ার বুঝে ডিফেন্স করেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু বল স্পিন করে ভেতরে ঢুকে লাগে প্যাডে। রিভিউ নিয়ে রক্ষা পাননি কেয়ারি, উল্টো দল হারায় রিভিউ। বল লাগল মিডল স্টাম্পে।

৬ বলে ১ রানে আউট কেয়ারি। অস্ট্রেলিয়া ৯.৩ ওভারে ৫ উইকেটে ৬৫।

হেনরিকেসের দুর্ভাগ্য

নন-স্ট্রাইক প্রান্তে রান আউট হয়ে গেলেন মোইজেস হেনরিকেস। সাকিবের বলে সোজা ড্রাইভ খেলেন মিচেল মার্শ। বোলার সাকিব নিজেই চেষ্টা করেন বল থামাতে। তার হাত ছুঁয়ে লাগে বল স্টাম্পে। হেনরিকেস তখন ক্রিজের একটু বাইরে।

৯ বলে ৪ রান করে আউট হেনরিকেস। অস্ট্রেলিয়া ৮ ওভারে ৪ উইকেটে ৬০।

পাওয়ার প্লেতে ৪৯

ক্রিস্টিয়ানের ৫ ছক্কার ওভারের সৌজন্যে সিরিজের সেরা পাওয়ার প্লে কাটাল অস্ট্রেলিয়া। ৬ ওভারে তাদের রান ৩ উইকেটে ৪৯।

মুস্তাফিজের শিকার ক্রিস্টিয়ান

আগের ম্যাচে শেষ কে ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে একরকম নাচিয়ে ছেড়েছিলেন মুস্তাফিজুর রহমান। এবার এই বাঁহাতি পেসারই থামালেন ক্রিস্টিয়ানের ঝড়।

প্রথম বলেই মুস্তাফিজের কাটারে বিভ্রান্ত হন ক্রিস্টিয়ান, তবে ব্যাটে-বলে হয়নি তা। পরের বলে খানিকটা জায়গা বানিয়ে সজোরে ব্যাট চালান তিনি। বল যায় সোজা পয়েন্টে শামীম হোসেনের হাতে।

৫ ছক্কা ও ১ চারে ১৫ বলে ৩৯ রান করে আউট হলেন ক্রিস্টিয়ান। অস্ট্রেলিয়ার রান ৫.২ ওভারে ৩ উইকেটে ৪৯।

ম্যাকডারমটের বিদায়

ক্রিস্টিয়ানের ৫ ছক্কার ঝড়ের পর একটি স্বস্তি। আরেকপ্রান্তে দারুণ ডেলিভারিতে বেন ম্যাকডারমটকে ফেরালেন নাসুম আহমেদ।

নাসুমের ফ্লাইট দেওয়া বল মিডল স্টাম্পে পিচ করে হালকা টার্ন করে ম্যাকডারমটের ডিফেন্সকে ফাঁকি দিয়ে ছোবল দেয় পায়ে। আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউ নেননি ম্যাকডারমট। আউট তিনি ১২ বলে ৫ রান করে।

৪.৪ ওভারে অস্ট্রেলিয়া ২ উইকেটে ৪৭।

সাকিবের বিভীষিকা

এক ওভারে ৩০ রান আগেও দিয়েছেন সাকিব আল হাসান। তবে ওভারে ৫ ছক্কা হজম করলেন এবারই প্রথম।

২০১৯ সালে জিম্বাবুয়ে রায়ান বার্ল এই মিরপুরেই সাকিবের ওভারে তিনটি করে ছক্কা ও চারে য়েছিলেন ৩০ রান। এবার ড্যানিয়েল ক্রিস্টিয়ান ৫ ছক্কায় নিলেন ৩০।

বাংলাদেশের হয়ে এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ড অবশ্য এটি নয়। ২০১৭ সালে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ৩১ রান নিয়েছিলেন সাইফ উদ্দিনের এক ওভারে। সেই ওভারে ছিল টানা ৫টি ছক্কা, শেষ বলে সিঙ্গেল।

ক্রিস্টিয়ানের ৫ ছক্কার তাণ্ডব

ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে যে আশায় তিনে পাঠিয়েছে অস্ট্রেলিয়া, তিনি উপহার দিলেন তার চেয়েও বেশি। সাকিব আল হাসানের এক ওভারেই মারলেন তিন ছক্কা!

প্রথম ছক্কা মারেন তিনি ফ্লিকের মতো খেলে, দারুণ টাইমিংয়ে লং অন দিয়ে। পরের দুটি ছক্কা স্লগ করে মিড উইকেট দিয়ে।

চতুর্থ বলটিতেও সজোরে মারেন ক্রিস্টিয়ান, তবে ব্যাটে-বলে করতে পারেননি। পরের দুই বলে আবার দুটি ছক্কা। লং অন দিয়ে একটি, মিড উইকেট দিয়ে আরেকটি।

প্রথম ওভারেই সাফল্য

ছোট পুঁজি নিয়ে যেমন শুরু দরকার, বাংলাদেশ ঠিক সেটাই এনে দিলেন মেহেদি হাসান। ইনিংসের প্রথম ওভারেই এই অফ স্পিনার ফেরালেন ম্যাথু ওয়েডকে।

ইনিংসের সেটি চতুর্থ বল। রাউন্ড দা উইকেটে একটু জোরের ওপর স্লাইডার করেন মেহেদি। ওয়েড শরীর থেকে দূরে ড্রাইভ করার চেষ্টা করেন। তার ব্যাটের কানায় লেগে বল আসে স্টাম্পে।

৩ বলে ২ রানে আউট ওয়েড। সিরিজের চার ইনিংসে অস্ট্রেলিয়ান অধিনায়কের রান ২০।

অস্ট্রেলিয়া ১ উইকেটে ৩।

নতুন ব্যাটসম্যান ড্যানিয়েল ক্রিস্টিয়ান।

অস্ট্রেলিয়ার লক্ষ্য ১০৫

প্রথম তিন ওভারে ২২ রান, এক পর্যায়ে রান উইকেটে ৪৮। সেখান থেকে বাংলাদেশের পথ হারানোর শুরু। একের পর এক উইকেট হারিয়ে এক সময় একশ হওয়া নিয়েই টানাটানি। শেষ পর্যন্ত মেহেদি হাসানের সৌজন্যে একশ পার হতে পারল বাংলাদেশ।

সিরিজের প্রথম জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য ১০৫। উইকেট যথারতি ব্যাটিংয়ের জন্য কঠিন। তবে লক্ষ্য নাগালে বলে অস্ট্রেলিয়ার সম্ভাবনা উজ্জ্বল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১০৪/৯ (নাঈম ২৮, সৌম্য ৮, সাকিব ১৫, মাহমুদউল্লাহ ০, সোহান ০, আফিফ ২১, শামীম ৩, মেহেদি ২৩, নাসুম ২*, শরিফুল ০; টার্নার ৪-০-২২-০, হেইজেলউড ৪-০-২৪-২, অ্যাগার ৪-০-২৩-০, টাই ৩-০-১৮-৩, সোয়েপসন , হেনরিকেস ১-০-৫-০)।

দুই বলে দুটি

মেহেদির বিদায়ের পরের বলে আউট হয়ে গেলেন শরিফুল ইসলামও। টাইয়ের লেংথ বল লেগ সাইডে ওড়ানোর ওড়ানোর চেষ্টায় জোর পাননি শটে। মিড উইকেটে ক্যাচ নেন বেন ম্যাকডারমট। শেষ দুই বলে উইকেট হারিয়ে শেষ হলো বাংলাদেশের ইনিংস। তবে ওভার থেকে ১৪টি রানও আসে।

মেহেদির ছোট্ট ঝড়

শেষ ওভারের প্রথম বলে জশ হেইজেলউডেকে ক্যাচ দিয়েও বেঁচে গিয়ে দ্রুত কিছু রান বাড়ালেন মেহেদি হাসান। অ্যান্ড্রু টাইয়ের বলে টানা দুই বলে মারলেন চার ও ছক্কা। তবে আউট হয়ে যান তিনি ওভারের পঞ্চম বলে। টাইয়ের ফুল লেংথ বলে জায়গা বানিয়ে কাভারের ওপর দিয়ে খেলার চেষ্টায় ধরা পড়েন কাভারে অ্যালেক্স কেয়ারির হাতে।

তবে ১৬ বলে ২৩ রানের কার্যকর ইনিংস তিনি খেলেন।

নাকল বলে নাকাল শামীম

ঝড় তুলতে ব্যর্থ হলেন তরুণ শামীম হোসেনও। অ্যান্ড্রু টাইয়ের নাকল বল বুঝতে পারেননি তিনি। বল লেগ স্টাম্প লাইনে দেখে তিনি ফ্লিক করার চেষ্টা করেন। কিন্তু বল পিচ করে থমকে যায়। খেলতে গিয়ে ব্যাটও থমকে দাঁড়ান শামীম। তার ব্যাটে লেগে বল আলতো ক্যাচ ওঠে শর্ট মিড উইকেটে।

৬ বলে ৩ রান করে আউট শামীম। বাংলাদেশ ১৭.১ ওভারে ৭ উইকেটে ৮৩।

কার্যকর টার্নার

টি-টোয়েন্টি ক্যারিয়ারে আগে ১৬ ম্যাচ মিলিয়ে মোটে ৭ ওভার বোলিং করেছিলেন অ্যাশটন টার্নার। ম্যাচে ২ ওভারের বেশি করেননি কখনও। সেই টার্নার এবার ৪ ওভার বোলিং করে রান দিলেন ২২।

ছক্কার পর আফিফের বিদায়

অ্যাশটন অ্যাগারের একটি ফুল টস পেয়ে ছক্কা মারার পর আফিফ হোসেন বিদায় নিলেন স্লগ সুইপে ছক্কা মারার চেষ্টায়।

অফ স্টাম্পের বাইরের বলটি হাঁটু গেড়ে টেনে মিড উইকেট দিয়ে ওড়ানোর চেষ্টা করেন আফিফ। যথেষ্ট জোর পাননি মারে। ক্যাচ নেন মোইজেস হেনরিকেস।

১৭ বলে ২১ রানে আউট আফিফ। বাংলাদেশের রান ১৫.৪ ওভারে ৬ উইকেটে ৭৮।

বাজে শটে নাঈমের বিদায়

রিভিউয়ে অল্পের জন্য বেঁচে যাওয়ার পরের বলেই আত্মঘাতী শটে আউট হয়ে ফিরলেন মোহাম্মদ নাঈম শেখ। আরেকটু গভীর হলো বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়।

মিচেল সোয়েপসনের বলে রিভিউয়ে নাঈম বেঁচে যান বল লেগ স্টাম্পের সামান্য বাইরে পিচ করায়। পরের বলটি ছিল গুগলি। নাঈম সেটা বুঝতে না পেরে স্পিনের বিপক্ষে সজোরে মারার চেষ্টা করেন তেঁড়েফুঁড়ে। ব্যাটের ওপরের দিকে লেগে বল ওঠে কেবল ওপরে। সহজ ক্যাচ নেন কিপার ম্যাথু ওয়েড।

লম্বা সময় থেকেও কাজে লাগাতে পারলেন না নাঈম। আউট হলেন ৩৬ বলে ২৮ রান করে। দ্বিতীয় ওভারে দুটি বাউন্ডারির পর আর কোনো বাউন্ডারি তিনি মারতে পারেননি।

বাংলাদেশের রান ১৪.৩ ওভারে ৫ উইকেটে ৬৮।

গোল্ডেন ডাক সোহান

মিচেল সোয়েপসনের দুর্দান্ত গুগলিতে প্রথম বলেই আউট নুরুল হাসান সোহান। গুগলিটি তিনি বুঝতেই পারেননি। তার ডিফেন্স ফাঁকি দিয়ে বল লাগে প্যাডে। এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া দেননি, অস্ট্রেলিয়ানরা সফল হয় রিভিউ নিয়ে।

তিন রানের মধ্যে তিন উইকেট হারিয়ে হঠাৎ করেই বিপর্যয়ে বাংলাদেশ। ১১ ওভারে রান ৪ উইকেটে ৫১।

শুরুতেই শেষ মাহমুদউল্লাহ

আগের দিন দলকে উদ্ধার করা ফিফটিতে ম্যাচের সেরা হওয়া মাহমুদউল্লাহ এবার ফিরলেন শুরুতেই। বাংলাদেশ অধিনায়ক আউট ৩ বল খেলে শূন্য রানে।

মিচেল সোয়েপসনের ফুল লেংথ বল সুইপ করতে গিয়ে লাইন মিস করেন মাহমুদউল্লাহ। বল টার্ন না করে সোজা গিয়ে লাগে মাহমুদউল্লাহর প্যাডে। বাংলাদেশ অধিনায়ক রিভিউ নেননি। রিপ্লেতে দেখা যায়, আম্পায়ারের সিদ্ধান্ত একদম সঠিক। সিরিজে প্রথম খেলতে নেমে সোয়েপসন ধরলেন প্রথম শিকার।

১০.৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৫১।

গতি নেই ২২ গজে

নাঈম ও সৌম্যকে উইকেটে একরকম বেঁধেই রাখেন অস্ট্রেলিয়ান বোলাররা। রান তোলার পথই পাচ্ছেন না বাংলাদেশের দুই ব্যাটসম্যান।

প্রথম তিন ওভারে তিন বাউন্ডারির পর টানা ৬ ওভারে একবারও সীমানা পার হয়নি বল। দশম ওভারে হেইজলউডকে স্কুপ করে চার মারেন সাকিব। ওই ওভারে আউটও হয়ে যান তিনি।

১০ ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ৪৮। দলের ফিফটি আসে ১০.১ ওভারে।

হেইজেলউডের শিকার সাকিব

উইকেটে একদমই ছন্দ পাচ্ছিলেন না সাকিব। অনেকটা সময় ক্রিজে থেকেও খুঁজে পাচ্ছিলেন না টাইমিং। জশ হেইজেলউডের বলে স্কুপ করে বাউন্ডারিতে চার মেরে জেগে ওঠার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত পারলেন না টিকতে।

রাউন্ড দা উইকেটে শরীর তাক করে লেংথ বল করেন হেইজেলউড। লাফানো বলে জায়গা বানিয়ে কাট করার চেষ্টা করেন সাকিব। বল তার ব্যাটের কানায় লেগে যায় কিপারের গ্লাভসে।

সাকিব আউট হলেন ২৬ বলে ১৫ রান করে। বাংলাদেশ ৯.৫ ওভারে ২ উইকেটে ৪৮। নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ।

পাওয়ার প্লেতে ৩০

শুরুটায় ভালো কিছুর ইঙ্গিত থাকলেও শেষ পর্যন্ত পাওয়ার প্লেতে ভালো কিছু করতে পারল না বাংলাদেশ। প্রথম তিন ওভারে রান ছিল ২২। পরের তিন ওভারে রান আসে কেবল ৮। স্বস্তি কেবল, উইকেট পড়েছে ওই একটিই।

সৌম্যর বিদায়

৩ ওভারে ২২ রান, এমন দারুণ কোনো কিছু নয়। কিন্তু এই সিরিজের প্রেক্ষাপটে, এটিই অনেক। সিরিজে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি বলে কথা! আগের তিন ম্যাচে শুরুর জুটি সেরা ছিল ১৫ রান।

ইনিংসের দ্বিতীয় ওভারে হেইজেলউডকে দুটি বাউন্ডারি মারেন মোহাম্মদ নাঈম শেখ। সৌম্য সিরিজের প্রথম বাউন্ডারি পান অ্যাশটন টার্নারের বলে। 

তবে সেই স্বস্তি বেশিক্ষণ থাকল না। বিভীষিকার মতো সিরিজ কাটানো সৌম্য সরকার আবারও আউট হলেন অল্পতেই।

জশ হেইজেলউডের রাউন্ড দা উইকেটে করা লেংথ বলটি ছিল অফ স্টাম্পের বাইরে। সৌম্য সেখান থেকেই পুল করতে যান, কোনো পজিশনেই ছিলেন না তিনি। ব্যাটে লেগে বল উঠে যায় ওপরে। মিড অফে সহজ ক্যাচ নেন অ্যালেক্স কেয়ারি।

আগের তিন ম্যাচ মিলিয়ে ৪ রান করার পর এবার সৌম্য ফিরলেন ১০ বলে ৮ রান করে।

বাংলাদেশ ৩.৩ ওভারে ১ উইকটে ২৪।

আবার টার্নারকে দিয়ে শুরু

আগের ম্যাচের মতোই অ্যাশটন টার্নারের অফ স্পিন দিয়ে বোলিং আক্রমণ শুরু করেছে অস্ট্রেলিয়া। অনিয়মিত এই অফ স্পিনার প্রথম ওভারে ২ রান দেওয়ার পর আর বোলিং পাননি শুক্রবার। এবারও তার প্রথম ওভার থেকে রান এসেছে ঠিক ২। সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম শেখ করেছেন একটি করে রান।

একই একাদশ বাংলাদেশের

আগের তিন ম্যাচ জয়ী দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। সিরিজ জয়ের পর আরও এগিয়ে যাওয়ার লড়াইয়ে নেমেছে তারা একই একাদশ নিয়ে। 

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

দুই পরিবর্তন অস্ট্রেলিয়ার

আগের ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ব্যাটিং নিয়ে ভোগান্তি চলতে থাকলেও বদল এনেছে তারা বোলিং আক্রমণে। লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা পেয়েছেন বিশ্রাম, তার জায়গায় সুযোগ পেয়েছেন লেগ স্পিনার মিচেল সোয়েপসন।

আগের ম্যাচে অভিষেকে হ্যাটট্রিক করা ন্যাথান এলিসকে বিশ্রাম দেওয়া হয়েছে এক ম্যাচ পরই। তার বদলে একাদশে ফিরেছেন আরেক পেসার অ্যান্ড্রু টাই। ফাস্ট বোলার মিচেল স্টার্ক আছেন বিশ্রামেই।

অস্ট্রেলিয়া একাদশ: বেন ম্যাকডারমট, অ্যালেক্স কেয়ারি, মিচেল মার্শ, মোইজেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, মিচেল সোয়েপসন, অ্যান্ড্রু টাই, জশ হেইজেলউড।

টস জয় বাংলাদেশের
 
টানা দ্বিতীয় ম্যাচে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। প্রত্যাশিতভাবে আবারও তিনি বেছে নিলেন ব্যাটিং। 

দ্বিতীয় ম্যাচে যে উইকেটে খেলা হয়েছিল, সেখানেই হচ্ছে এই ম্যাচ। বাংলাদেশ অধিনায়ক টস জয়ের পর বললেন, উইকেটের আচরণ আগের মতোই থাকবে বলে তার ধারণা। ব্যাটিংয়ে উন্নতি করে ভালো স্কোর গড়তে চান তারা।
 
ব্যাটিংয়ে উন্নতি আর ৪-০ করার আশা
 
সিরিজ জয় হয়ে গেছে প্রথম তিন ম্যাচেই। তবে বাংলাদেশের প্রাপ্তির অভিযান শেষ হয়নি। আপাতত চাওয়া আরও একটি ম্যাচ জয় এবং সেই জয়ের পথে ব্যাটিংয়ের উন্নতি।
 
প্রথম তিন ম্যাচ মূলত বোলারদের অসাধারণ পারফরম্যান্সেই জিতেছে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ম্যাচে ব্যাটসম্যানদের কাছে আরেকটু বেশি কিছু চান অধিনায়ক মাহমুদউল্লাহ।
 
“ব্যাটসম্যানদের অবশ্যই আরও ভালো করা উচিত। ব্যাটিংয়ে আমাদের আরেকটু দায়িত্ব নিতে হবে। আমার মনে হয়, সেই সামর্থ্য আমাদের আছে। আমি বিশ্বাস করি, বাকি দুই ম্যাচে আমাদের ব্যাটিং ইউনিট আরও ভালো করবে।”
 
“(উইকেটের) কন্ডিশনে মানিয়ে নিয়ে আমরা যদি ব্যাটিংটা আরেকটু ভালো করতে পারি, আরও ১০-১২টি রান, একটি-দুটি চার, কয়েকটি ডাবলস বা সিঙ্গেলস নিয়ে যদি আদায় করতে পারি, তাহলে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা খুশি হব, আমাদের বোলারদেরও বেশি বিশ্বাস জোগাবে।”