২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালান ও ডি ককের সেঞ্চুরিতে জিতল দ. আফ্রিকা

সিরিজ হার এড়ানোর ম্যাচে বিস্ফোরক সেঞ্চুরিতে সুর বেঁধে দিলেন কুইন্টন ডি কক। আরেক ওপেনার ইয়ানেমান মালান করলেন আরও দুর্দান্ত ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার পাহাড়সম রান তাড়ায় শুরুতেই খেই হারানো আয়ারল্যান্ড তেমন লড়াই-ই করতে পারেনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2021, 01:03 AM

Updated : 07 Apr 2022, 11:22 PM

তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭০ রানে জিতে সিরিজে হার এড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচ ভেসে যাওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে জিতে এগিয়ে গিয়েছিল আয়ারল্যান্ড। শেষ ম্যাচে জিতে ১-১ ব্যবধানে ড্র করেছে টেম্বা বাভুমার দল।

ডাবলিনে মালানের অপরাজিত ১৭৭ ও ডি ককের বিস্ফোরক ১২০ রানের সৌজন্যে ৪ উইকেটে ৩৪৬ রান করে দক্ষিণ আফ্রিকা। সিমি সিংয়ের অপরাজিত সেঞ্চুরিতে আয়ারল্যান্ড করতে পারে ২৭৬ রান।

আগের দুই ম্যাচে বিশ্রামে থাকা কিপার-ব্যাটসম্যান ডি কক যেন ছিলেন খুনে মেজাজে। ৪৩ বলে ফিফটিতে পৌঁছান তিনি। ছন্দে থাকা মালানের পঞ্চাশ আসে ৬৬ বলে।

১১১ বলে হয় দল ও জুটির সেঞ্চুরি। দুইশ রান আসে ঠিক ২০০ বলে। এতে অগ্রণী ছিলেন ডি কক। ৮৩ বলে সেঞ্চুরিতে পৌঁছানোর পর যেতে পারেননি বেশি দূর। ফেরে সিমি সিংয়ের বলে ক্যাচ দিযে। ডি ককের ৯১ বলে খেলা ১২০ রানের ইনিংস গড়া ১১ চার ও ৫ ছক্কায়।

এই ইনিংস খেলার পথে সপ্তম কিপার-ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ডি কক স্পর্শ করেন ১০ হাজার রান। কেবল তিনিই এই মাইলফলকে গেলেন ৩০ বছরের কম বয়সে।

রাসি ফন ডার ডাসেনের সঙ্গে ৮১ রানের জুটিতে দলকে তিনশ রানে নিয়ে যান মালান। এরপর আর তেমন কোনো জুটি পায়নি দক্ষিণ আফ্রিকা। ১৬৯ বলে ছয় ছক্কা ও ১৬ চারে ১৭৭ রানে অপরাজিত থাকেন ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান।

প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে সিরিজে হারাতে রেকর্ড গড়তে হতো আয়ারল্যান্ডকে। কিন্তু বড় রান তাড়ায় শুরুটা ভালো হয়নি দলটির। ১৯ ওভারে ৯২ রানের মধ্যে হারিয়ে ফেলে ৬ উইকেট।   

প্রথম ছয় ব্যাটসম্যানের তিন জনই যেতে পারেননি দুই অঙ্কে। কেউ যেতে পারেননি ৩০ পর্যন্ত।

সপ্তম উইকেটে কার্টিস ক্যাম্পারের সঙ্গে ১০৪ রানের জুটিতে দলকে টানেন সিমি। ৫৪ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৫৪ রান করে ক্যাম্পার ফিরলে ভাঙে জুটি। এরপর প্রায় একার চেষ্টায় ব্যবধান কমান সিমি।

শেষ পর্যন্ত ১০০ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। তার ৯১ বলের ইনিংস গড়া ১৪ চারে।

দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট নেন তাবরাইজ শামসি ও আন্দিলে ফেলুকওয়ায়ো। অভিষেকে প্রথম বলেই উইকেট নেন পেসার লিজাড উইলিয়ামস।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৪৬/৪ (মালান ১৭৭*, ডি কক ১২০, ফন ডার ডাসেন ৩০, ক্লাসেন ৩, ফেলুকওয়ায়ো ৬, বাভুমা ৩*; ইয়ং ৯-০-৬১-১, অ্যাডায়ার ৯-০-৭৪-০, লিটল ৯-০-৫৩-২, সিমি ১০-০-৫২-১, ম্যাকব্রাইন ১০-০-৬৬-০, ডকরেল ৩-০-৩৬-০)

আয়ারল্যান্ড: ৪৭.১ ওভারে ২৭৬ (স্টার্লিং ১১, বালবার্নি ৭, ম্যাকব্রাইন ৯, টেক্টর ২৯, ডকরেল ১৫, ক্যাম্পার ৫৪, টাকার ১, সিমি ১০০*, অ্যাডায়ার ১৫, লিটল ২, ইয়ং ৮; মহারাজ ৭.১-০-৩৭-১, উইলিয়ামস ৮-০-৬২-১, ফেলুকওয়ায়ো ১০-০-৫৬-৩, তাবরাইজ ১০-০-৪৬-৩, ক্লাসেন ২-০-১৪-০)

ফল: দক্ষিণ আফ্রিকা ৭০ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র

ম্যান অব দা ম্যাচ: ইয়ানেমান মালান

ম্যান অব দা সিরিজ: ইয়ানেমান মালান