২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিটনেস টেস্টের ন্যূনতম মানদণ্ড বাড়ালো ভারত

ক্রিকেটারদের ফিটনেসের মান বাড়াতে গুরুত্বের সঙ্গে নজর দিয়েছে ভারত। ফিটনেস যাচাইয়ের জন্য ইয়ো-ইয়ো টেস্টের ন্যূনতম মানদণ্ড বাড়িয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড- বিসিসিআই। এখন থেকে ভারতীয় ক্রিকেটারদের এই টেস্টে পেতে হবে ন্যূনতম ১৭.১।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2021, 10:14 PM

Updated : 07 Apr 2022, 10:45 PM

এতোদিন ফিটনেস পরীক্ষা পার করতে ইয়ো-ইয়ো টেস্টে ভারতের ক্রিকেটারদের প্রয়োজন ছিল ন্যূনতম ১৬.১। যা এখন বেড়ে গেছে এক ধাপ।

এছাড়া ফিটনেস পরীক্ষার জন্য নতুন একটি পদ্ধতি যোগ করেছে বিসিসিআই। নির্দিষ্ট একটি সময়ের মধ্যে দুই কিলোমিটার দৌড়ে পার করতে হবে ক্রিকেটারদের। ইয়ো-ইয়ো টেস্ট আর নতুন এই পদ্ধতির মধ্যে যেকোনো একটি পরীক্ষা দিতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা। তবে দুটির একটিতে উতরানো বাধ্যতামূলক।

ইয়ো-ইয়ো টেস্টে বিভিন্ন ধাপের মধ্যে ৫-১০ সেকেন্ড বিরতি নেওয়ার সুযোগ থাকে, তবে ধাপগুলোতে পর্যায়ক্রমে কমে আসে দৌড়ানোর সময়। ২০ মিটার দূরত্বের জন্য ইয়ো-ইয়ো টেস্ট দিতে হবে ভারতীয় ক্রিকেটারদের।

অন্যদিকে, দুই কিলোমিটার দূরত্ব পার করতে পেসারদের জন্য সময় দেওয়া হয়েছে ৮ মিনিট ১৫ সেকেন্ড। বাকিরা পাবেন ১৫ সেকেন্ড বাড়তি সময়।

নতুন মানদণ্ডে এরই মধ্যে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিটনেস পরীক্ষা দিয়েছেন বেশ কয়েকজন। যেখানে ছিলেন শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চেহেল, সাঞ্জু স্যামসনরা।

বিভিন্ন ক্রিকেট খেলুড়ে দেশে ইয়ো-ইয়ো টেস্টের ন্যূনতম মানদণ্ড বিভিন্নরকম। পাকিস্তান ও শ্রীলঙ্কায় এটি ১৭.৪, ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডে ১৯।