২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাসকারেনহাসের ৫ ছক্কার ‘বদলা’ যুবরাজের ৬ ছক্কা

স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে শুধু ইতিহাসই গড়েননি যুবরাজ সিং, চাপা দিয়েছিলেন এক দুঃস্বপ্নও। সেই ম্যাচের কদিন আগেই যে দিমিত্রি মাসকারেনহাসের হাতে এক ওভারে হজম করেছিলেন পাঁচ ছক্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 07:55 PM

Updated : 08 Apr 2022, 12:56 AM

২০০৭ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১৬ বলে ৫৮ রান করার পথে ১২ বলে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন যুবরাজ। ওই ম্যাচেই এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন তিনি। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওভারে ছয় ছক্কার ঘটনা সেটিই।

সনি টেন পিট স্টপ শোর ফেইসবুক লাইভে ১৩ বছর আগের বিপরীত দুই অভিজ্ঞতার কথা তুলে ধরেন সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ। আলাপচারিতায় ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস র‌্যাশফোর্ডও।

সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছু দিন আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে মাসকারেনহাসের তাণ্ডবের মুখে পড়েন যুবরাজ। এক ওভারে পাঁচ ছক্কা যেন দুঃস্বপ্ন হয়ে উঠেছিল এই অলরাউন্ডারের কাছে।

“জানি না, অধিনায়ক (রাহুল দ্রাবিড়) কেন আমাকে শেষ ওভারটি করতে দিয়েছিল। দিমিত্রি মাসকারেনহাস আমাকে ছয় বলে পাঁচটি ছক্কা মেরেছিল। সে যে ছয় ছক্কা মারেনি, তাতেই আমি খুশি। ওই ঘটনার পরের ১৫ দিন আমি ঠিকমতো ঘুমাতে পারিনি।”

বন্ধুদের ফোন কল আর বার্তাগুলো যুবরাজের জন্য ছিল ভীষণ কষ্টের। জানান, সেঞ্চুরি করার পরও কখনও এতো ফোন তার কাছে আসেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ব্রডকে ছয় ছক্কায় উড়িয়ে চাপা দিয়েছিলেন সেই দুঃস্বপ্ন।

“যখন আমি ছয় ছক্কা হাঁকাই, মনে আছে আমি ব্রড বা অন্য কারো দিকে তাকাইনি। তাকিয়ে ছিলাম দিমিত্রির দিকে আর বলেছিলাম, ‘এটা এখন শেষ হলো, একেবারে শেষ হলো।’ একই দলের বিপক্ষে তা করতে পারায় খুব তৃপ্তির ছিল।”