করোনাভাইরাসে আক্রান্ত দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার
দুঃসময় যেন পিছু ছাড়ছে না সোলো নকোয়েনির। আগে থেকে নানা শারীরিক সমস্যায় ভুগতে থাকা দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডার এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
২৬ বছর বয়সী নকোয়েনি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান এই খবর।
“গত বছর আমি গিলান-বারে সিনড্রোমে আক্রান্ত হলাম। গত ১০ মাস ধরে লড়াই করছি এই রোগের সঙ্গে। সুস্থ হওয়ার মাঝপথে আমার যক্ষ্মা হলো, আমার লিভার এবং কিডনি অকার্যকর হয়ে গেল। আর আজ আমি করোনাভাইরাসে পজিটিভ হলাম। জানি না, সবকিছু কেন আমার সঙ্গেই হচ্ছে।”
কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। এর আগে পাকিস্তানের জাফর সরফরাজ ও স্কটল্যান্ডের মাজিদ হকের এই রোগ ধরা পড়ে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা নকোয়েনির এখনও জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি।
