২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিগ ব্যাশে নিউ জিল্যান্ডের দল রাখার প্রস্তাব ম্যাককালামের

করোনাভাইরাসের প্রভাবে বিগ ব্যাশের আগামী মৌসুমে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। শঙ্কা রয়েছে আকর্ষণ কমে যাওয়ার। এই পরিস্থিতিতে নিউ জিল্যান্ডকে টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2020, 05:08 PM

Updated : 18 Aug 2022, 02:59 PM

অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ম্যাককালাম ছিলেন নিয়মিত মুখ। ব্রিসবেন হিটের হয়ে খেলেছেন আট মৌসুম। অস্ট্রেলিয়ার একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বিগ ব্যাশ লিগ নিয়ে নিজের ভাবনার কথা জানান সাবেক নিউ জিল্যান্ড অধিনায়ক।
 
“আমার মনে হয়, বিগ ব্যাশে নিউ জিল্যান্ডের কোনো দলকে যুক্ত করা অথবা নিউ জিল্যান্ডের খেলোয়াড়দের স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলানোর দারুণ সুযোগ এটি। কারণ, সম্ভবত বিদেশি খেলোয়াড়দের অভাব হতে পারে।”
 
“এটি কিছুটা সৃজনশীল চিন্তাভাবনা। এটি কেবল এক মৌসুমের জন্য করা যেতে পারে। তবে যদি খেলাটার মান বাড়ানোর কথা বলেন তাহলে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করা যেতে পারে।”
 
আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে শুরু হতে পারে বিগ ব্যাশের ২০২০-২১ মৌসুম। করোনাভাইরাসের প্রভাবে এই মুহূর্তে থমকে আছে ক্রিকেট। স্থগিত হয়ে গেছে একাধিক সিরিজ কিংবা টুর্নামেন্ট। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের অবস্থা অবশ্য উন্নতির পথে রয়েছে।