ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেই কেন অশ্বিন, প্রশ্ন সাকলায়েনের
ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য রবিচন্দ্রন অশ্বিন। আইপিএলেও উল্লেখযোগ্য পারফরমারদের একজন তিনি। কিন্তু সীমিত ওভার ক্রিকেটে জাতীয় দলে প্রায় তিন বছর ধরে ব্রাত্য অভিজ্ঞ এই অফ স্পিনার। যা মানতেই পারছেন না সাকলায়েন মুশতাক। পাকিস্তানের কিংবদন্তি স্পিনারের বিশ্বাস, লাল বলের ক্রিকেটে সাফল্য পাওয়া অশ্বিন সাদা বলেও সফল হবেন।
২০১৭ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষবার দেশের হয়ে রঙিন পোশাকে মাঠে নেমেছিলেন অশ্বিন। তরুণ স্পিনার কুলদীপ যাদব, যুজবেন্দ্র চেহেলদের কাছে জায়গা হারানো অভিজ্ঞ এই স্পিনারের পারফরম্যান্স সীমিত ওভারের ক্রিকেটে যে খারাপ, তাও নয়।
ভারতের হয়ে ১১১ ওয়ানডেতে ৩২.৯১ গড়ে ১৫০ উইকেট নিয়েছেন অশ্বিন। ৪৬ টি-টোয়েন্টিতে ২২.৯৪ গড়ে নিয়েছেন ৫২ উইকেট। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জমজমাট ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলেও বেশ সফল তিনি। টুর্নামেন্টের উইকেট শিকারিদের মধ্যে আছেন সাতে। ২৬.৪৮ গড়ে ১৩৯ ম্যাচে নিয়েছেন ১২৫ উইকেট।
