বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে খরুচে এমপোফু
দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার তিনি। অথচ ঝড়টা বেশি বয়ে গেল তার ওপর দিয়েই! ক্রিস এমপোফু নাম লেখালেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে খরুচে বোলিং এখন জিম্বাবুয়ের পেসারের।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার জিম্বাবুয়ের বোলারদের তুলোধুনো করে ৩ উইকেটে ২০০ রান তোলে বাংলাদেশ। এমপোফু ৪ ওভারে দিয়েছেন ৫৮ রান। একটি উইকেট অবশ্য পেয়েছেন।
২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে আগের সবচেয়ে খরুচে বোলিং ছিল ওশেন টমাসের। ২০১৮ সালের ডিসেম্বরে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার ৩ ওভারেই দিয়েছিলেন ৫৬ রান।
এবার তাকে ‘মুক্তি’ দিলেন এমপোফু। ম্যাচের ষষ্ঠ ওভারে প্রথমবার বল হাতে নিয়ে এই পেসার দিয়েছিলেন ১০ রান। ষোড়শ ওভারে বোলিংয়ে ফিরে মুশফিকুর রহিমের উইকেট পেলেও রান দেন ২১।
নিজের তৃতীয় ওভারে খরচ করেন সবচেয়ে কম ৭ রান। ইনিংসের শেষ ওভারে তাকে তিন ছক্কায় সৌম্য সরকার তোলেন ২০ রান।
ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা ছক্কা মেরেছেন ১২টি। যার ৬টির শিকার ছিলেন এমপোফু।
সব মিলিয়ে পঞ্চম বোলার হিসেবে বাংলাদেশের বিপক্ষে রান দেওয়ার ফিফটি করলেন তিনি।
