সেঞ্চুরিতে কপাল খুলল মালানের
অভিষেকেই গোল্ডেন ডাক, পরের ম্যাচেই সেঞ্চুরি! ভারত সফরের দল থেকে প্রথমে বাদ পড়া ইয়ানেমান মালান জায়গা করে নিলেন দক্ষিণ আফ্রিকা দলে।
তরুণ টপ অর্ডার এই ব্যাটসম্যানকে দলে যোগ করার কথা শনিবার জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে হবে আগামী ১২ মার্চ ধর্মশালায়। বাকি দুই ম্যাচ হবে ১৫ ও ১৮ মার্চ, যথাক্রমে লাখনৌ ও কলকাতায়।
গত শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ২৩ বছর বয়সী মালানের। প্রথম বলেই মিচেল স্টার্কের গতিতে পরাস্ত হয়ে আউট হন এলবিডাব্লিউতে। এর একদিন পর ঘোষিত ১৫ সদস্যের দলে ছিলেন না এই বাঁহাতি।
দিক হারাননি তরুণ, পরের ম্যাচেই ধুকতে থাকা দলকে জয় উপহার দেন অপরাজিত ১২৯ রানের ইনিংস খেলে। এরপর তাকে আবার দলে নেয় দক্ষিণ আফ্রিকা।
ভারত সফর দিয়ে সাত মাস পর ওয়ানডে সংস্করণে ফিরছেন ফাফ দু প্লেসি। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের সঙ্গে ফিরেছেন রাসি ফন ডার ডাসেন। গত অক্টোবরে টেস্ট অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডে প্রথমবারের মত ডাক পেয়েছেন ওয়ানডে দলে।
কুঁচকির চোটে ভারত সফর থেকে ছিটকে পড়েছেন পেসার কাগিসো রাবাদা। সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকতে দলে নেই লেগ স্পিনার তাবরাইজ শামসি।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, ইয়ানেমান মালান, রাসি ফন ডার ডাসেন, ফাফ দু প্লেসি, কাইল ভেরেইন, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, জন-জন স্মাটস, আন্দিলে ফেলুকওয়ায়ো, লুঙ্গি এনগিডি, লুথো সিপামলা, বিউরান হেনড্রিকস, আনরিক নরকিয়া, জর্জ লিন্ডে, কেশব মহারাজ।
