নিউ জিল্যান্ড ওয়ানডে দলে ফিরলেন বোল্ট-ফার্গুসন-হেনরি
চোট কাটিয়ে নিউ জিল্যান্ড ওয়ানডে দলে ফিরেছেন ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন ও ম্যাট হেনরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ সদস্যের দলে জায়গা ধরে রেখেছেন অলরাউন্ডার কাইল জেমিসন।
চোটের জন্য ভারতের বিপক্ষে সিরিজে না থাকা পেস ত্রয়ী ফিরেছেন নিজেদের ফিটনেস প্রমাণ করে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেই খেলেছেন বোল্ট। হেনরি ও ফার্গুসন বিশ্বকাপ ফাইনালের পর আর ওয়ানডে খেলেননি। দুই জনই দেশের হয়ে সবশেষ খেলেছেন অস্ট্রেলিয়ায়, টেস্ট সিরিজে। পরে ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রমাণ করেছেন নিজেদের।
ভারত সিরিজের দল থেকে বাদ পড়েছেন হামিশ বেনেট ও স্কট কাগেলিন।
আগামী ১৩ মার্চ সিডনিতে হবে প্রথম ওয়ানডে। এক দিন পর একই ভেন্যুতে হবে দ্বিতীয় ম্যাচ। হোবার্টে ২০ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে।
নিউ জিল্যান্ড ওয়ানডে দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লানডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (কিপার), জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর।
