আবাহনীতে তানজিম, মোহামেডানে পারভেজ
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বড় দলে নাম লিখিয়েছেন যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিম হাসান ও পারভেজ হোসেন। ডানহাতি পেসার তানজিম খেলবেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের হয়ে। বাঁহাতি ব্যাটসম্যান পারভেজের দল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
দেশের প্রধান ঘরোয়া পঞ্চাশ ওভারের টুর্নামেন্টের তিন দিনের দলবদলের প্রথম দিন ছিল মঙ্গলবার। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সিসিডিএম কার্যালয়ে প্রথম দিন দলবদল করেছেন মোট ৫৪ জন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সিলেটে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলবদল করবেন বৃহস্পতিবার।
গত দুই আসরে প্রিমিয়ার লিগের দলবদল হয়েছিল ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতিতে। ক্রিকেটারদের দাবির মুখে বদলানো হয় এই নিয়ম। এবার দলবদল হচ্ছে ক্লাব ও ক্রিকেটারদের সরাসরি চুক্তির মাধ্যমে।
প্রথম দিন দলবদল করেছেন বাংলাদেশের হয়ে যুব বিশ্বকাপ জিতে আসা আরও দুই ক্রিকেটার- রকিবুল হাসান ও শামীম হোসেন।
বাঁহাতি স্পিনার রকিবুল নাম লিখিয়েছেন লিগের নবাগত দল ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাবে। গতবার তিনি শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছিলেন তিন ম্যাচ।
অফ স্পিনিং অলরাউন্ডার শামীমকে দলে ভিড়িয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। গতবার তিনি বিকেএসপির হয়ে ১৩ ম্যাচে করেছিলেন দলের হয়ে সর্বোচ্চ ৩৭০ রান।
তানজিম আর পারভেজও গতবার খেলেছেন বিকেএসপির হয়ে। তানজিম ৭ ম্যাচে নিয়েছিলেন ১১ উইকেট। এবার আবাহনীতে তানজিমের সঙ্গে খেলবেন জাতীয় দলের হয়ে ছয়টি টি-টোয়েন্টি খেলা তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
অভিজ্ঞ ক্রিকেটার রকিবুল হাসান মোহামেডান থেকে এবার নাম লিখিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। ৩২ বছর বয়সী ব্যাটসম্যান গতবার ১৬ ম্যাচে ৬০.০৭ গড়ে করেছিলেন লিগের তৃতীয় সর্বোচ্চ ৭৮১ রান।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতবার তিনি খেলেছিলেন মোহামেডানের জার্সিতে। গতবার আবাহনীর হয়ে ১৫ ম্যাচে ৭৩৫ রান করা জহুরুল ইসলাম এবার খেলবেন খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে।
তাসকিন আহমেদকে নিয়েছে মোহামেডান। গতবার এই পেসারের দল ছিল রানার্সআপ লেজেন্ডস অব রূপগঞ্জ। অন্য দুই পেসার আবু জায়েদ চৌধুরী আর আবু হায়দারও খেলবেন মোহামেডানে। এই দলে আছেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাকও।
