আবার ব্যর্থ কোহলি, বোল্টের তোপে এলোমেলো ভারত
বোলারদের দারুণ পারফরম্যান্সে প্রথম ইনিংসে ছোট্ট লিড পেয়েছিল ভারত। সেই স্বস্তি উবে গেল ব্যাটসম্যানদের ব্যর্থতায়। অসাধারণ বোলিংয়ে নিউ জিল্যান্ডকে এগিয়ে দিলেন ট্রেন্ট বোল্ট। হতাশার সিরিজে শেষ ইনিংসেও ব্যর্থ বিরাট কোহলি। সিরিজ হারের শঙ্কায় ভারত।
ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন রোববার উইকেট পড়েছে ১৬টি। প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডকে ২৩৫ রানে থামিয়ে ভারত পেয়েছিল ৭ রানের লিড। দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৯০। ৪ উইকেট হাতে নিয়ে সফরকারীরা এগিয়ে ৯৭ রানে।
আগের দিন ২৩ ওভারে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙতে পারেনি ভারত। দ্বিতীয় দিন কিউইদের ইনিংস টিকেছে কেবল দুই সেশন। টম ল্যাথামের ৫২ ছাড়া আর কোনো ব্যাটসম্যান ভালো করতে পারেননি। বোলিংয়ে পাঁচ উইকেট নেওয়া কাইল জেমিসন নয় নম্বরে ব্যাটিংয়ে নেমে করেন ৪৯ রান।
ভারতকে লিড এনে দিতে বড় অবদান ছিল মোহাম্মদ শামির। ডানহাতি পেসার দারুণ বোলিংয়ে নেন ৪ উইকেট। আরেক পেসার জাসপ্রিত বুমরাহর শিকার ৩টি। বাঁহাতি স্পিনে ২ উইকেট নেন রবীন্দ্র জাদেজা।
বোলিংয়ের পাশাপাশি ভারতের গ্রাউন্ড ফিল্ডিং ছিল দুর্দান্ত। ডিপ স্কয়ার লেগে জাদেজা অবিশ্বাস্য এক ক্যাচ নেন এক হাতে। ধারাভাষ্যকক্ষ থেকে ইয়ান স্মিথ বলছিলেন ‘সর্বকালের সেরা ক্যাচগুলোর একটি।’
প্রথম দিনের অবিচ্ছিন্ন ৬৩ রানের জুটি এদিন যোগ করতে পারে আর ৩ রান। টম ব্লান্ডেলকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন উমেশ যাদব। তিন নম্বরে নেমে কেন উইলিয়ামসন টিকতে পারেন কেবল ৮ বল। বুমরাহর লেংথ বল ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন কিউই অধিনায়ক।
তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন ল্যাথাম ও রস টেইলর। ৪০ রানের জুটি ভাঙে উমেশের দারুণ ক্যাচে টেইলরের বিদায়ে। ফিফটির পরপরই শামির বল ছেড়ে দিয়ে বোল্ড হন ল্যাথাম।
হেনরি নিকোলস থিতু হয়েও বড় করতে পারেননি ইনিংস, ফেরেন স্লিপে কোহলির দারুণ নিচু ক্যাচে। প্রথম সেশনে ৭৯ রান তুলতেই নিউ জিল্যান্ড হারায় ৫ উইকেট।
লাঞ্চের পর কিপার-ব্যাটসম্যান বিজে ওয়াটলিং ফেরেন শূন্য রানে। কলিন ডি গ্র্যান্ডহোমের ২৬ রানের ইনিংস শেষ হয় জাদেজার দারুণ এক ডেলিভারিতে।
নিউ জিল্যান্ডের স্কোর তখন ৮ উইকেটে ১৭৭ রান। যেটি হয়ে যেতে পারত ৯ উইকেটে ১৯০। কিন্তু বাউন্ডারিতে নিল ওয়াগনারের ক্যাচ ফেলেন হনুমা বিহারি।
জেমিসন ও ওয়াগনারের ৫১ রানের নবম উইকেট জুটির কল্যাণে স্বাগতিকদের সংগ্রহ ছাড়ায় দুইশ। এরপরই জাদেজার ওই অবিশ্বাস্য ক্যাচে ওয়াগনারের বিদায়। জেমিসন ক্যারিয়ারের প্রথম ফিফটি থেকে ১ রান দূরে থাকতে ফেরেন কিপার রিশাব পান্তের দারুণ ক্যাচে। তার ৬৩ বলের ইনিংসে ছিল ৭টি চার।
কিছুটা এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি ভারত। শেষ সেশনে ৩৬ ওভার ব্যাটিং করে হারায় তারা ৬ উইকেট।
শুরুটা মায়াঙ্ক আগারওয়ালকে দিয়ে। দ্বিতীয় ওভারে বোল্টের বলের লাইন মিস করে এলবিডব্লিউ হন ডানহাতি ব্যাটসম্যান। সাউদির শর্ট বলে ফেরেন পৃথ্বী শ। ২৬ রানে ভারত হারায় দুই ওপেনারকে।
ব্যর্থতার সিরিজে কোহলি ভালো করতে পারেননি শেষটাতেও। ১১ বলে রানের খাতা খোলা ভারত অধিনায়ক ডি গ্র্যান্ডহোমের দারুণ ডেলিভারিতে এলবিডব্লিউ হন ১৪ রান করে।
টেস্ট সিরিজের চার ইনিংসে ভারতীয় অধিনায়কের মোট রান ৩৮। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫১ করার পর দুই ম্যাচে করেছিলেন ১৫ ও ৯। টি-টোয়েন্টি সিরিজের চার ম্যাচেও ছিল না ফিফটি।
অধিনায়কের বিদায়ের পর অজিঙ্কা রাহানেকে নিয়ে লড়াইয়ের চেষ্টা করেছেন চেতেশ্বর পুজারা। ২ রানে জীবন পাওয়া রাহানে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। আউট হন বাজে শটে।
এক প্রান্ত আগলে রাখা পুজারাও হার মানেন এরপর। ৮৮ বলে ২৪ রানের ইনিংস থামে বোল্টের দারুণ এক ডেলিভারিতে।
দিনের শেষ ওভারে ‘নাইটওয়াচম্যান’ উমেশকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন বোল্ট। তৃতীয় দিন বিহারি ও পান্তের অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৬৩ ওভারে ২৪২
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ৬৩/০) ৭৩.১ ওভারে ২৩৫ (ল্যাথাম ৫২, ব্লান্ডেল ৩০, উইলিয়ামসন ৩, টেইলর ১৫, নিকোলস ১৪, ওয়াটলিং ০, ডি গ্র্যান্ডহোম ২৬, সাউদি ০, জেমিসন ৪৯, ওয়াগনার ২১, বোল্ট ১*; বুমরাহ ২২-৫-৬২-৩, উমেশ ১৮-২-৪৬-১, শামি ২৩.১-৩-৮১-৪, জাদেজা ১০-২-২২-২)
ভারত ২য় ইনিংস: ৩৬ ওভারে ৯০/৬ (পৃথ্বী ১৪, মায়াঙ্ক ৩, পুজারা ২৪, কোহলি ১৪, রাহানে ৯, উমেশ ১, বিহারি ৫*, পান্ত ১*; সাউদি ৬-২-২০-১, বোল্ট ৯-৩-১২-৩, জেমিসন ৮-৪-১৮-০, ডি গ্র্যান্ডহোম ৫-৩-৩-১, ওয়াগনার ৮-১-১৮-১)।
