চট্টলায় রান উৎসবের রেকর্ড
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট বরাবরই ব্যাটসম্যানদের বন্ধু। প্রতি বিপিএলেই সেখানকার ২২ গজে বসে রানের মেলা। রান উৎসবের সেই ধারাবাহিকতায় এবার ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ জায়গা করে নিল বিপিএলের রেকর্ড বইয়ে।
চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে বুধবার চট্টগ্রাম করে ২০ ওভারে ২২১ রান। ঢাকা রান তাড়ায় যেতে পেরেছে ২০৫ পর্যন্ত। ম্যাচে হয়েছে মোট ৪২৬ রান। বিপিএলের সব আসর মিলিয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি রানের রেকর্ড এটিই।
এই ম্যাচ পেছনে ফেলেছে প্রায় ৭ বছর পুরানো এক ম্যাচকে। ২০১৩ সালের জানুয়ারিতে সেই ম্যাচ হয়েছিল চট্টগ্রামের আরেক মাঠ, এমএ আজিজ স্টেডিয়ামে। দুরন্ত রাজশাহীর ২১৩ রানের জবাবে বরিশাল বার্নার্স করেছিল ২০৯। ম্যাচে রান হয়েছিল মোট ৪২২।
তালিকায় তিনেও আছে চট্টগ্রামের মাঠ। গত বিপিএলে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটানসের ম্যাচে হয়েছিল মোট ৪০৬ রান। কুমিল্লা উঠেছিল ২৩৭ রানের পাহাড়ে, খুলনা করতে পেরেছিল ১৫৭।
তালিকায় ঠাঁই পাওয়া পরের ম্যাচটির ভেন্যু ছিল সিলেট। গত বিপিএলে চিটাগং ভাইকিংসের ২১৪ রানের জবাবে খুলনা টাইটানস তুলেছিল ১৮৮। ম্যাচের মোট রান ৪০২।
ঢাকায় এখনও ৪০০ রান দেখেনি বিপিএলের কোনো ম্যাচ। সেই ২০১৩ বিপিএলে রংপুর রাইডার্স ও সিলেট রয়্যালস ম্যাচের ৩৯৫ রানই শের-ই-বাংলা স্টেডিয়ামের সর্বোচ্চ।
