বিসিএলে প্রথমবার সেরা এনামুল
প্রথমবারের মতো বিসিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করলেন এনামুল হক। এনসিএলের পর বিসিএলেও সেরা পাঁচে থাকলেন নাঈম ইসলাম ও রনি তালুকদার। দুই জনের মাঝে জায়গা করে নিয়েছেন জুনায়েদ সিদ্দিক। অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল মেহেদি হাসান বোলিংয়ের মতো ব্যাটিংয়েও আছেন সেরা পাঁচে।
এবারের আসরে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ছয়শর বেশি রান করেন দক্ষিণাঞ্চলের ওপেনার এনামুল। তার ৬৫৮ রানের ২০০ আসে ষষ্ঠ ও শেষ রাউন্ডে। এবারের আসরে নিজের সেরা ১৮০ রান করেন সেই ম্যাচেই।
৬৫.৮০ গড়ে রান করা এনামুলের ব্যাট থেকে আসে দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি।
সেরা পাঁচে থাকা ব্যাটসম্যানের মধ্যে কেবল মেহেদিরই নেই কোনো সেঞ্চুরি। তার চার ফিফটির সবচেয়ে বড়টি ৮৬ রানের। পাঁচ ইনিংসে অপরাজিত থাকা মেহেদি ৯১.৮০ গড়ে করেন ৪৫৯ রান।
বিসিএলের এবারের আসরে চারশর বেশি রান আছে মাহমুদুল হাসান, মুমিনুল হক, ইয়াসির আলী ও আব্দুল মজিদের। এবারের আসরে নেই কোনো ডাবল সেঞ্চুরি। সর্বোচ্চ মুমিনুলের ১৯৪।
মাত্র ৫ ইনিংসে দুটি করে ফিফটি আর সেঞ্চুরিতে ১০৪ গড়ে ৪১৬ রান করেন পূর্বাঞ্চলের মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির। টুর্নামেন্টে একমাত্র তারই গড় তিন অঙ্ক ছুঁয়েছে।
নাম/দল | ইনিংস | রান | সর্বোচ্চ | গড় | সেঞ্চুরি/ফিফটি |
এনামুল হক/দক্ষিণাঞ্চল | ১২ | ৬৫৮ | ১৮০ | ৬৫.৮০ | ২/৩ |
নাঈম ইসলাম/উত্তরাঞ্চল | ১০ | ৫২২ | ১৩৭ | ৫২.২০ | ২/৩ |
জুনায়েদ সিদ্দিক/উত্তরাঞ্চল | ১১ | ৫০০ | ১১২ | ৫০.০০ | ১/৪ |
রনি তালুকদার/পূর্বাঞ্চল | ১০ | ৪৬০ | ১৮৫ | ৪৬.০০ | ১/৩ |
মেহেদি হাসান/দক্ষিণাঞ্চল | ১০ | ৪৫৯ | ৮৬ | ৯১.৮০ | ০/৪ |
