মিরাজ যেখানে প্রথম
আগের দিন বিকেলে ছিল তিনটি। তৃতীয় দিন সকালে চারটি। মেহেদী হাসান মিরাজের স্পিনে ভেঙে পড়ল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে এই অফ স্পিনার নাম লেখালেন রেকর্ড বইয়ে।
এক ইনিংসে ৭ উইকেট বাংলাদেশের হয়ে এর আগেও নিয়েছেন ৩ জন। তবে অফ স্পিনে ৭ উইকেট শিকারি প্রথম বোলার মিরাজই।
বাংলাদেশের হয়ে ৭ উইকেট নেওয়া আগের তিন বোলারই বাঁহাতি স্পিনার-এনামুল হক জুনিয়র, সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।
অফ স্পিনার হিসেবে আরেকটি জায়গাতেও মিরাজের নাম এখন সবার ওপরে। ৫৮ রানে নিয়েছেন ৭ উইকেট। বাংলাদেশে কোনো অফ স্পিনারের সেরা বোলিংয়ের রেকর্ড এটিই। গত বছর চট্টগ্রামে অস্ট্রেলিয়ান অফ স্পিনার নাথান লায়নের ৯৪ রানে ৭ উইকেট ছিল আগের সেরা।
সব মিলিয়ে মিরাজের বোলিং ফিগার বাংলাদেশে চতুর্থ সেরা বোলিং কীর্তি। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে ৮ উইকেট নিয়ে সেরা বোলিংয়ের রেকর্ড তাইজুল ইসলামের। ২০০৬ সালে ফতুল্লায় অস্ট্রেলিয়ান লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল ৮ উইকেট নিয়েছিলেন ১০৮ রানে। ২০০৮ সালে চট্টগ্রামে ৩৬ রানে ৭ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মিরাজের চেয়ে সেরা বোলিং ফিগার কেবল তাইজুলের ওই ৩৯ রানে ৮ উইকেট। মিরাজ ও তাইজুল ছাড়া এই মাঠে ৭ উইকেট আছে আর কেবল জহির খানের। ভারতীয় পেসার ২০১০ সালে ৭ উইকেট নিয়েছিলেন ৮৭ রানে।
