রংপুর-চিটাগং ম্যাচ দিয়ে শুরু বিপিএল
চিটাগং ভাইকিংসের বিপক্ষে শিরোপাধারী রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে আগামী ৫ জানুয়ারি শুরু হবে বিপিএলের ষষ্ঠ আসর। মিরপুরে উদ্বোধনী দিনে পরের ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস খেলবে রাজশাহী কিংসের বিপক্ষে।
অন্য আসরগুলোর মতো এবারও প্রতি দিন হবে দুটি করে ম্যাচ। শুক্রবার প্রথম ম্যাচ শুরু হবে বেলা দুইটায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায়। সপ্তাহের অন্য দিনগুলোতে প্রথম ম্যাচ শুরু হবে বেলা সাড়ে ১২টায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকেল ৫টা ২০ মিনিটে।
গত আসরের মতো এবারও খেলা হবে তিনটি ভেন্যুতে। ঢাকায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম পর্যায়ে খেলা হবে ৫ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত। এক দিনের বিরতির পর ১৫ থেকে ১৯ জানুয়ারি খেলা হবে সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ঢাকায় দ্বিতীয় পর্যায়ে খেলা হবে ২১ থেকে ২৩ জানুয়ারি। এক দিনের বিরতির পর ২৫ থেকে ৩০ জানুয়ারি খেলা হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
১ ফেব্রুয়ারি থেকে আবার খেলা হবে মিরপুরে। ৪ ফেব্রুয়ারি হবে এলিমিনেটর ম্যাচ, একই দিন হবে প্রথম কোয়ালিফায়ার। ৬ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল হবে ৮ ফেব্রুয়ারি। ফাইনালের জন্য আছে একটি রিজার্ভ ডে।
