২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে বরিশালকে হারাল রংপুর

সমতায় দুই দলের প্রথম ইনিংস শেষ হওয়ার পর তুমুল লড়াই হয়েছে দ্বিতীয় ইনিংসেও। আল আমিন জুনিয়র, নুরুজ্জামান প্রাণপণে লড়েছেন বরিশালকে জেতাতে। তবে পার্থক্য গড়ে দিয়েছেন রবিউল হক। তরুণ পেসারের দারুণ বোলিংয়ে শেষ দিনে রোমাঞ্চকর উত্তেজনার ম্যাচে জিতেছে রংপুর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2018, 07:32 PM

Updated : 08 Apr 2022, 07:13 PM

রংপুরে জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে ৫ রানে জিতেছে স্বাগতিকরা। ২৩০ রানের লক্ষ্য তাড়ায় বরিশাল থেমেছে ২২৪ রানে। 

৩ উইকেটে ৭১ রানে বৃহস্পতিবার চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে বরিশাল। জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ১৫৯ রান, রংপুরের শেষ ৭ উইকেট।

কোনো রান যোগ করার আগেই কিপার ব্যাটসম্যান শামসুল ইসলামকে হারায় বরিশাল। মোসাদ্দেক হোসেনের সঙ্গে ৪৩ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেন আল আমিন জুনিয়র। ৫ চারে ৫২ রান করা এই তরুণের লড়াই থামে রান আউট হয়ে।

মোসাদ্দেক, সোহাগ গাজী ফিরেন থিতু হয়ে। দ্রুত তাদের অনুসরণ করেন কামরুল ইসলাম রাব্বি। ১৬৯ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বরিশালকে টানেন নুরুজ্জামান। তানভীর ইসলামের সঙ্গে ৫৪ রানের জুটিতে দলকে নিয়ে যান লক্ষ্যের খুব কাছে।

এক সময়ে বরিশালের স্কোর ছিল ২২৩/৮। ক্রিজে থিতু দুই ব্যাটসম্যান। জয়ের জন্য প্রয়োজন কেবল ৭ রান। ম্যাচ হেলে ছিল অতিথিদের দিকে। তানভীরকে ফিরিয়ে জুটি ভাঙেন সঞ্জিত সাহা, পাল্টে যায় ম্যাচের চিত্র।

এক ওভার পর নুরুজ্জামানের প্রতিরোধ ভেঙে দলকে দারুণ এক জয় এনে দেন রবিউল। ৬৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ১৮ বছর বয়সী এই পেসার। 

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর ১ম ইনিংস: ১৪৭

বরিশাল ১ম ইনিংস: ১৪৭

রংপুর ২য় ইনিংস: ২২৯

বরিশাল ১ম ইনিংস: (লক্ষ্য ২৩০) (তৃতীয় দিন শেষে ৭১/৩) ৮০.২ ওভারে ২২৪ (শাহরিয়ার ৯, রাফসান ০, মনির ৭,  আল আমিন ৫২, শামসুল ৯, মোসাদ্দেক ২৯, সোহাগ ১৯, নুরুজ্জামান ৪৬, রাব্বি ৮, তানভীর ১৬, তৌহিদুল ০*; শুভাশিস ২/৪৪, রবিউল ৪/৬৩, সাজেদুল ১/৩২, সঞ্জিত ২/৪৩, তানবীর ০/১৬, মাহমুদুল ০/২)।

ফল: রংপুর ৫ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রবিউল হক