২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলে এবার একাদশে সর্বোচ্চ ৪ বিদেশি

একাদশে সর্বোচ্চ পাঁচজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারার নিয়ম নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল গত মৌসুমে। এবার সেখান থেকে সরে এসেছে বিসিবি। আগামী বিপিএলে প্রতি দলের একাদশে খেলতে পারবেন সর্বোচ্চ ৪ জন বিদেশি ক্রিকেটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রীড়া প্রতিবেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2018, 08:36 PM

Updated : 08 Apr 2022, 06:14 PM

বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় বিপিএল নিয়ে হয়েছে আরও বেশ কিছু সিদ্ধান্ত। প্রতিটি দল এবার ৪ জন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে। এই ৪ জন হতে পারে দেশি-বিদেশি যে কেউ। এমনকি ধরে রাখা যাবে আইকন বা ‘এ’ প্লাস ক্যাটেগরির ক্রিকেটারদেরও।

সভা শেষে সংবাদ সম্মেলনে এবারের বিপিএল শুরুর সম্ভাব্য সময়ও জানালেন বিসিবি প্রধান নাজমুল হাসান।

“বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে প্রস্তাব এসেছিল। সর্বসম্মতিক্রমে সেটা পাশ হয়েছে। এবারের বিপিএলের জন্য আমরা অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময় চূড়ান্ত করেছি। প্রস্তাবিত তারিখ ছিল ৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর। আমরা সেখানে বলেছি যে ১ অক্টোবর থেকে শুরু করা যায় কিনা। ওখানে ৪-৫ দিন আগে হলে পরে কিছুটা সময় পাওয়া যাবে।”

বিপিএল শেষেই পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। ‘পরে সময় পাওয়া’ বলতে বিসিবি সভাপতি ইঙ্গিত দিয়েছেন সেদিকেই।

বিপিএল নিয়ে আরও দুটি সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথাও জানালেন বিসিবি সভাপতি।

“কতজন ক্রিকেটার ধরে রাখা যাবে, এটা নিয়ে প্রতিবারই সংশয় সৃষ্টি হয়। এবার তাই আগেই ঠিক করে ফেলেছি আমরা। দেশি হোক বা বিদেশি, চারজন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে প্রতি দল। চারজনই দেশি হতে পারে, বা চারজনই বিদেশি। কিংবা মিলিয়েও হতে পারে।”

“গতবার ৫ জন বিদেশি খেলেছিল একাদশে। এবার সেটা আমরা কমিয়ে এনেছি। সর্বোচ্চ চারজন খেলতে পারবে প্রতি দলের একাদশে।”