২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচেও হারল গতবারের চ্যাম্পিয়ন গাজী গ্রুপ

স্বল্প পুঁজিতেও লড়াইটা খারাপ হলো না। তবে হার তো হারই! স্রেফ লড়াইয়ে স্বস্তি খুব বেশি পাওয়ার কথা নয় গাজী গ্রুপের। হতাশায় মোড়ানো লিগের শেষ ম্যাচেও হারল গতবারের চ্যাম্পিয়নরা। শিরোপার লড়াই থেকে আগেই ছিটকে পড়া আরেক দল প্রাইম দোলেশ্বর লিগের ইতি টানল শেষ ম্যাচ জয়ের সান্ত্বনায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 01:58 PM

Updated : 08 Apr 2022, 06:10 PM

ঢাকা প্রিমিয়ার লিগে এই মৌসুমে নিজেদের শেষ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৫ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টি ক্লাব।

ফতুল্লায় বৃহস্পতিবার টস হেরে ব্যাটিংয়ে নামা গাজী গ্রুপ গুটিয়ে যায় ৯৫ রানেই। শুরুতে ৩ উইকেট হারালেও শেষ পর্যন্ত প্রাইম দোলেশ্বর জিতে যায় ২৪ ওভারে।

এই জয়ে ১৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে থেকে লিগ শেষ করল প্রাইম দোলেশ্বর। গাজী গ্রুপের অবস্থান নির্ভর করছে দিনের অপর ম্যাচে খেলাঘরের ম্যাচের ফলের ওপর। খেলাঘর জিতলে গাজী লিগ শেষ করবে ছয়ে থেকে। সুপার লিগে গাজী জিতেছে মাত্র একটি ম্যাচ।

শেষ ম্যাচে গাজী গ্রুপকে ডুবিয়েছেন দোলেশ্বরের দুই বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও আরাফাত সানি। দুজনে ভাগাভাগি করেছেন ৭ উইকেট।

তার আগে নতুন বলে প্রথম ওভারেই উইকেট নেন ফরহাদ রেজা। নতুন বলের আরেক বোলার সালাউদ্দিন শাকিল ১৬ রানে ফেরান মুমিনুল হককে। মেহেদি হাসানের সৌজন্যে তবু গাজী এগিয়ে যাচ্ছিল ভালো ভাবেই। ১১ ওভার শেষে রান ছিল ২ উইকেটে ৬৩।

ম্যাচের মোড়ে নাটকীয় বদল এরপরই। ঝড়ো ব্যাট করতে থাকা মেহেদিকে ফিরিয়ে দেন শাকিল। ৩৩ বলে এই অলরাউন্ডার করেছেন ৩৯ রান। মেহেদির বিদায়ের পরই একের পর এক ব্যাটসম্যানের আসা-যাওয়ার মিছিল। নাসুম ও সানির স্পিনে শেষ গাজী।

গাজীর শেষ ৮ ব্যাটসম্যানের মধ্যে কেবল নাদীফ চৌধুরী করেছেন ১০, আর কেউ ছুঁতে পারেননি দু অঙ্ক। ৩২ রানে শেষ ৮ উইকেট হারিয়ে গুটিয়ে যায় তারা ২১.৪ ওভারেই।

লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথমবার ৪ উইকেটের দেখা পান নাসুম। ১০ রানে ৪ উইকেট নিয়েছেন মাত্র ৩.৪ ওভারে। আরাফাত সানির উইকেট ৩টি। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার লিগ শেষ করলেন ১৫ ম্যচে ২৪ উইকেট নিয়ে।