নেহরার বিদায়ী ম্যাচে ভারতের দাপুটে জয়
একটি ছবি প্রায়ই ঘুরে বেড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২০০৩ সালে একটি টুর্নামেন্টে কিশোর বিরাট কোহলির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জাতীয় দলের তারকা পেসার আশিস নেহরা। সেই কোহলির নেতৃত্বেই নেহরা খেললেন ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচের আগে নেহরার হাতে সম্মাননা স্মারক তুলে দিলেন কোহলি, সঙ্গে মহেন্দ্র সিং ধোনি।
দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ঘরের মাঠে। ম্যচের আগে, মাঝে ও পরে নেহরাকে ঘিরে আবেগটাই ম্যাচের উল্লেখযোগ্য ঘটনা। ম্যাচে লড়াই হলো সামান্যই। ভারতের কাছে পাত্তাই পেল না টি-টোয়েন্টির এক নম্বর দল নিউ জিল্যান্ড।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুধবার দিল্লিতে নিউ জিল্যান্ডকে ৫৩ রানে হারিয়েছে ভারত। এগিয়ে গেছে তিন ম্যাচ সিরিজে। ২০ ওভারে ভারতের ২০২ রানের জবাবে নিউ জিল্যান্ড করতে পেরেছে ৮ উইকেটে ১৪৯।
কেবল টসটিই জিতেছে নিউ জিল্যান্ড। ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত থেকে শুরু করে ম্যাচে আর কিছুই করতে পারেনি ঠিকমতো।
উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত গড়ে ফেলে ভারত। রোহিত শর্মা ও শিখর ধাওয়ান গড়েন রেকর্ড জুটি।
দুই পাশে দুই ব্যাটসম্যানই তুলেছেন ঝড়। এই জুটিকে আলাদা করতেই নিউ জিল্যান্ডের লেগে যায় ১৬.২ ওভার!
১৫৮ রানের জুটি গড়েন রোহিত ও ধাওয়ান। উদ্বোধনী জুটি তো বটেই, যে কোনো জুটিতেই এটি ভারতের সেরা টি-টোয়েন্টি জুটি। আগের সর্বোচ্চ ১৩৮ ছিল দ্বিতীয় উইকেটে রোহিত শর্মা ও বিরাট কোহলির; ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধর্মশালায়।
ঘরের মাঠে ১০ চার ও ২ ছক্কায় ৫২ বলে ক্যারিয়ার সেরা ৮০ রান করেন ধাওয়ান। শেষের আগের ওভারে রোহিতও আউট হন ঠিক ৮০ রানেই। ৬টি চার ও ৪টি ছক্কায় রোহিতের ইনিংস ৫৫ বলের।
এরপর ৩ ছক্কায় কোহলির ১১ বলে ২৬ ও শেষ ওভারে ধোনির ছক্কায় ভারত পেরিয়ে যায় দুইশ।
রান তাড়ায় শুরু থেকেই নিউ জিল্যান্ড ছিল পথহারা। একবারের জন্যও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি তারা। গতি পায়নি ইনিংস, উইকেটও পড়েছে নিয়মিত।
ব্যাটিং উইকেটে ভারতের দুই স্পিনার অক্ষর প্যাটেল ও যুজবেন্দ্র চেহেল করেছেন দুর্দান্ত বোলিং। নতুন বলে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন লেগ স্পিনার চেহেল, ২০ রান দিয়ে ২টি বাঁহাতি স্পিনার প্যাটেল।
৪ ওভারে ২৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন নেহরা। তবে ম্যাচের শুরুর মত শেষেও কেন্দ্রীয় চরিত্র তিনিই। ১২টি অস্ত্রোপচারের ধকল সয়ে দেড় যুগ খেলে যাওয়ার পর অবশেষে পথচলার সমাপ্তি। ম্যাচের ও ক্যারিয়ারের শেষ ওভারটি করলেন দর্শকের তুমুল করতালিতে। ম্যাচ শেষে তাকে নিয়ে পুরো মাঠ প্রদক্ষিণ করল গোটা দল। ক্যারিয়ার জুড়ে যেটি হয়ে উঠেছিল তার প্রতীক, সেই চেনা হাসি মুখে লেগেছিল শেষবারের মতো মাঠ ছাড়ার সময়ও।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২০২/৩ (রোহিত ৮০, ধাওয়ান ৮০, পান্ডিয়া ০, কোহলি ২৬*, ধোনি ৭*; স্যান্টনার ০/৩০, বোল্ট ১/৪৯, সাউদি ০/৪৪, ডি গ্র্যান্ডহোম ০/৩৪, সোধি ২/২৫, মানরো ০/১৪)।
নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৪৯/৮ (গাপটিল ৪, মানরো ৭, উইলিয়ামসন ২৮, ল্যাথাম ৩৯, নিকোলস ৩৭, ব্রুস ১০, ডি গ্র্যান্ডহোম ০, নিকোলস ৬, স্যান্টনার ২৭*, সাউদি ৮, সোধি ৮*; নেহরা ০/২৯, চেহেল ২/২৬, ভুবনেশ্বর ১/২৬, বুমরাহ ১/৩৭, অক্ষর ২/২০, পান্ডিয়া ১/১১)।
ফল: ভারত ৫৩ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ভারত ১-০তে এগিয়ে
