২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাল বলেও উজ্জ্বল জায়েদ

ঢাকা ডায়নামাইটসের বিপিএলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা আবু জায়েদ উজ্জ্বল জাতীয় ক্রিকেট লিগেও। রাজশাহীকে প্রথম ইনিংসে ২০৪ রানে গুটিয়ে দিতে ৬ উইকেট নিয়েছেন সিলেটের এই পেসার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 06:53 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

দ্বিতীয় স্তরের ম্যাচের প্রথম দিনের খেলা শেষে সিলেটের সংগ্রহ ২ উইকেটে ৪৩ রান। সায়েম আলম ৩০ ও রাহাতুল ফেরদৌস ১ রানে ব্যাট করছেন।

প্রথম ওভারেই ইমতিয়াজ হোসেনকে ফিরিয়ে দেওয়া ফরহাদ রেজা পরে বিদায় করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির হাসানকে।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহীর প্রথম নয় ব্যাটসম্যানের আটজনই পৌঁছান দুই অঙ্কে। কিন্তু তাদের কেউই ত্রিশের ঘর পার হতে পারেনি। সর্বোচ্চ ৩৫ রান ফরহাদ হোসেনের, দ্বিতীয় সেরা মিজানুর রহমানের ৩২।

বিপিএলে ৮ ম্যাচে ৯ উইকেট নেওয়া জায়েদ জাতীয় লিগে নিজের শেষ ম্যাচেই ছিলেন উইকেটশূন্য। লাল বলের ক্রিকেটে ফিরেই ষষ্ঠবারের মতো প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়েছেন ৫ উইকেট।

প্রায় একাই রাজশাহীকে গুঁডিয়ে দিয়েছেন জায়েদ। শিকার শুরু শূন্য রানে মাইশুকুরকে বিদায় করে। এরপর একে একে নিয়েছেন জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, হামিদুল ইসলাম, মুক্তার আলী ও মামুন হোসেনের উইকেট।

সংক্ষিপ্ত স্কোর: 

রাজশাহী ১ম ইনিংস: ৬৫.৫ ওভারে ২০৪ (মাইশুকুর ০, মিজানুর ৩২, জুনায়েদ ২৬, ফরহাদ ৩৫, জহুরুল ১২, হামিদুল ২১, রেজা ১৬, সানজামুল ২০, মুক্তার ২৯, সাকলাইন ৪*, মামুন ০; হাসান ০/২০, জায়েদ ৬/৪৮, খালেদ ১/৪৯, শাহানুর ১/৫৩, রাহাতুল ১/৩০)

সিলেট ১ম ইনিংস: ১৫ ওভারে ৪৩/২ (ইমতিয়াজ ২, সায়েম ৩০*, জাকির ৮, রাহাতুল ১*; রেজা ২/২৬, মামুন ০/৩, মুক্তার ০/১২)