মিশ্রর স্পিনে কিউদের গুঁড়িয়ে সিরিজ ভারতের
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের শেষটা হলো এক তরফা। ভারতীয় স্পিনের সামনে মুখ থুবড়ে পড়ল কিউই ব্যাটিং। শেষ ওয়ানডেতে অনায়াস জয়ে সিরিজ জিতে নিল ভারত।
২-২ সমতায় থাকা সিরিজের পঞ্চম ওয়ানডেতে ভারত জিতেছে ১৯০ রানে। ২৭০ রান তাড়ায় মাত্র ২৩.১ ওভারে ৭৯ রানেই গুটিয়ে গেছে নিউ জিল্যান্ড।
দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেট নিয়ে ভারতের নায়ক অমিত মিশ্র। ক্যারিয়ারে তিনি দ্বিতীয়বার পেলেন ৫ উইকেট।
১৩ বছরের ওয়ানডে ক্যারিয়ারে এটি ছিল মিশ্রর মাত্র ৩৬তম ম্যাচ। দলে থিতু হতে পারেননি কখনোই। তবে এই সিরিজে নিয়মিত সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের বিশ্রামে। তবে এখন নিশ্চিত জায়গা দাবি করতেই পারেন। সিরিজে নিয়েছেন ১৫ উইকেট। এই সিরিজে ১০ উইকেটও নিতে পারেননি আর কেউ। ম্যাচের মতো সিরিজেরও সেরা ৩৩ বছর বয়সী এই লেগ স্পিনার।
২৭০ রানের লক্ষ্য আধুনিক ক্রিকেটে কঠিন কিছু নয়। কিন্তু বিশাখাপত্মমের মন্থর উইকেটে সেটি ছিল ভীষণ কঠিন। কিউইরা পারেনি চ্যালেঞ্জ জানাতেও।
এত ধস অবশ্য অনুমান করা যায়নি ম্যাচ শেষের খানিক আগেও। মার্টিন গাপটিল (০) ও টম ল্যাথামকে (১৯) শুরুতে হারালেও তৃতীয় উইকেটে এগিয়ে যাচ্ছিল নিউ জিল্যান্ড। উইলিয়ামসন ও টেলরের ৩৫ রানের জুটিতে এক পর্যায়ে রান ছিল ২ উইকেটে ৬৩। সেখান থেকে ১৬ রানে পড়েছে শেষ ৮ উইকেট!
মিশ্রর পাশাপাশি দারুণ বোলিংয়ে বাঁহাতি স্পিনার আক্সার প্যাটেল নিয়েছেন ২ উইকেট। অভিষিক্ত অফ স্পিনার জয়ন্ত যাদব একটি।
ম্যাচের শুরুতে ভারতের স্বস্তি হয়ে এসেছে রোহিত শর্মার রানে ফেরা। আগের চার ম্যাচে ব্যর্থ রোহিত এ দিন খেলেছেন দারুণ। শট খেলা কঠিন হলেও করেছেন ৬৫ বলে ৭০ রান।
দ্বিতীয় উইকেটে বিরাট কোহলি ও রোহিতের জুটি ছিল ৭৯ রানের। তৃতীয় উইকেটে কোহলি ও ধোনির জুটি ৭১ রানের। ৬৫ রানে ফেরেন কোহলি, ৪১ রানে ধোনি।
শেষ দিকে কেদার যাদবের ৩৭ বলে ৩৯ ও আক্সার প্যাটেলের ১৮ বলে ২৪ রানে ২৬০ ছাড়িয়ে যায় ভারত।
স্পিন ত্রয়ীর সৌজন্যে সেই রানেই ধরা দিয়েছে বিশাল ব্যবধানের জয়।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ২৬৯/৬ (রাহানে ২০, রোহিত ৭০, কোহলি ৬৫, ধোনি ৪১, মনিশ ০, কেদার ৩৯*, আক্সার ২৪, জয়ন্ত ১*; সাউদি ০/৫৬, বোল্ট ২/৫২, নিশাম ১/৩০, স্যান্টনার ১/৩৬, সোধি ২/৬৬, অ্যান্ডারসন ০/২৭)।
নিউ জিল্যান্ড: ২৩.১ ওভারে ৭৯ (গাপটিল ০, ল্যাথাম ১৯, উইলিয়ামসন ২৭, টেলর ১৯, নিশাম ৩, ওয়াটলিং ০, অ্যান্ডারসন ০, স্যান্টনার ৪, সাউদি ০, সোধি ০, বোল্ট ১*; উমেশ ১/২৮, বুমরাহ ১/১৬, আক্সার ২/৯, মিশ্র ৫/১৮, জয়ন্ত ১/৮)।
ফল: ভারত ১৯০ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজ ভারত ৩-২ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ ও সিরিজ: অমিত মিশ্র
