২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃত্রিম আলোয় শুরু হচ্ছে মাশরাফিদের অনুশীলন

ঈদের ছুটি শেষে রোববার থেকে আবার শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। শুরুর দিনে অনুশীলন হবে কৃত্রিম আলোয়। ক্রিকেটারদের তাই রিপোর্ট করতে হবে বিকেল ৪টায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2016, 08:35 PM

Updated : 12 Apr 2022, 02:53 AM

ছুটি শেষে প্রথম দিনের অনুশীলনে ক্রিকেটারদের সঙ্গে থাকবেন কোচিং স্টাফের সবাই। শুক্রবার রাতেই ঢাকায় চলে এসেছেন কোচিং স্টাফের নবতম সদস্য ব্যাটিং পরামর্শক থিলান সামারাবিরা। শনিবার এসেছেন প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে ও সহকারী কোচ রিচার্ড হ্যালসল। বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ণের চলে আসার কথা রোববার সকালেই।

গত ২০ জুলাই শুরু হওয়া ক্যাম্পে প্রথম এক মাস ছিল শুধুই ফিটনেস ট্রেনিং। পরে হয়েছে স্কিল ট্রেনিং। নিজেদের মধ্যে ক্রিকেটাররা খেলেছে তিনটি প্রস্তুতি ম্যাচ।

এবার শুরু চূড়ান্ত ধাপের অনুশীলন। সামনে লম্বা মৌসুম। আগামী বুধবার ঢাকায় চলে আসবে আফগানিস্তান দল। এরপর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ, নভেম্বর-ডিসেম্বরে বিপিএল, ডিসেম্বর-জানুয়ারিতে নিউ জিল্যান্ড সফর, ফেব্রুয়ারির শুরুতে ভারত সফর; এরপর ফেব্রুয়ারি-মার্চে শ্রীলঙ্কা সফর।

আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের জন্য ঈদের আগেই ২০ জনের ‘ওয়ানডে পুল’ ঘোষণা করেছেন নির্বাচকেরা। মঙ্গলবার বা বুধবার ঘোষণা করা হতে পারে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের চূড়ান্ত দল।