সাবেকদের ক্রিকেট উৎসবে শিরোপা খুলনার
ড্রেসিং রুম থেকে দৌড়ে বের হলেন সাকিব আল হাসান। ছুটলেন মাঠের দিকে। সীমানার পাশেই দাঁড়ানো ছিলেন মাশরাফি বিন মুর্তজা। সাকিব টেনে নিলেন মাশরাফিকে। খুলনার বর্তমান দুই ক্রিকেটার সামিল হলেন খুলনার সাবেকদের উল্লাসে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ও সহ-অধিনায়ককে পেয়ে খুলনার সাবেকদের উৎসব পেল নতুন মাত্রা।
খুলনার বর্তমান-সাবেক ক্রিকেটারদের এই জয়োৎসব মাস্টার্স ক্রিকেট কার্নিভালের শিরোপা জয়ের। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনালে এক্সপো অলস্টার্স মাস্টার্সকে ৪ উইকেটে হারিয়েছে জেমকন গ্রুপ খুলনা মাস্টার্স।
সাবেকদের নিয়ে এ ধরণের মাস্টার্স ক্রিকেট নানা জায়গায় হয়ে আসলেও বাংলাদেশে হলো এই প্রথম। গত ১ সেপ্টেম্বর ৬টি দলকে নিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল কক্সবাজারে। গ্রুপ পর্ব ও সেমি-ফাইনাল হয়েছে সৈকতের শহরে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্সে।
ক্রিকেট টুর্নামেন্ট ছাপিয়ে গোটা আয়োজন রূপ নিয়েছিল সাবেক ক্রিকেটারদের মিলনমেলায়। ফাইনালেও ছিল উৎসবের আবহ। প্রতিদ্বন্দ্বী দুদল ছাড়াও ছিলেন অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার, কোচ, সংগঠক, সংবাদকর্মীরা।
খুলনা মাস্টার্সের তাসকিতুল ইসলাম টোটাম নেন ৩ উইকেট। একটি করে নেন মঞ্জুরুল ইসলাম, সুমন সাহা ও মুরাদ খান।
উত্তেজনাপূর্ণ রান তাড়ায় খুলনা মাস্টার্স লক্ষ্য ছুঁয়েছে ২ বল বাকি থাকতে। অধিনায়ক হাবিবুল বাশার ওপেন করতে নেমে করেছেন ২৮ রান, মোহাম্মদ সেলিম করেছেন ১৫। অলস্টার্সের ফাহিম মুনতাসির নিয়েছেন ২ উইকেট।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ঢাকা মেট্রোর অলরাউন্ডার মোহাম্মদ রফিক।
আয়োজকরা জানালেন, প্রতি বছর মাস্টার্স ক্রিকেট নিয়মিত আয়োজন করতে চান তারা।
