২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মইনের শতক, সোহেলের ৫ উইকেট

শেষ সেশনে ৫ উইকেট হারিয়ে কেনিংটন ওভালে প্রথম দিনই গুটিয়ে গেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস। মইন আলির শতকের পরও পাকিস্তানের বিপক্ষে চতুর্থ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2016, 01:16 AM

Updated : 11 Oct 2022, 08:36 PM

ইংল্যান্ডকে ৩২৮ রানে থামিয়ে দেওয়ায় সবচেয়ে বড় অবদান ক্যারিয়ার সেরা বোলিং করা পেসার সোহেল খানের। ৬৮ রানে ৫ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার। এছাড়া এক টেস্ট পর দলে ফেরা ওয়াহাব রিয়াজ নিয়েছেন ৩ উইকেট, আরেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমির নেন দুই উইকেট।

জবাবে প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৩ রান। আজহার আলি ও নাইটওয়াচম্যান ইয়াসির শাহ শূন্য রানে ব্যাট করছেন। ৩ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন সামি আসলাম। 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড। প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যান কেবল অ্যালেস্টার কুক ও জো রুট। তারাও পারেননি নিজেদের ইনিংস খুব একটা বড় করতে। তাই ১১০ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে স্বাগতিকরা।

খাদের কিনারা থেকে ইংল্যান্ডকে টেনে তোলার কাজটা করেন মইন। এই বাঁহাতি ব্যাটসম্যান দারুণ সহায়তা পেয়েছেন জনি বেয়ারস্টো ও ক্রিস ওকসের। 

৫ উইকেটে ২০০ রান নিয়ে চা-বিরতিতে যাওয়া ইংল্যান্ড পরের সেশনে ১২৮ রান তুলতেই বাকি পাঁচ উইকেট হারিয়ে ফেলে। এই সেশনের শুরুতে বেয়ারস্টোকে (৫৫) ফিরিয়ে ৯৩ রানের জুটি ভাঙেন আমির। স্বাগতিকদের শেষ ৪ উইকেট তুলে নেন সোহেল।

ওকসকে বিদায় করে ৭৯ রানের জুটি ভাঙেন সোহেল। এরপর আর ১০ ওভার স্থায়ী হয় ইংল্যান্ডের ইনিংস। শেষ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ১০৮ রান করেন তৃতীয় টেস্ট শতক পাওয়া মইন। তার ১৫২ বলের ইনিংসটি ১৩টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ। 

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৭৬.৪ ওভারে ৩২৮ (কুক ৩৫, হেলস ৬, রুট ২৬, ভিন্স ১, ব্যালান্স ৮, বেয়ারস্টো ৫৫, মইন ১০৮, ওকস ৪৫, ব্রড ০, ফিন ৮, অ্যান্ডারসন ৬*; আমির ২/৮০, সোহেল ৫/৬৮, ওয়াহাব ৩/৯৩, ইয়াসির ০/৬০, ইফতেখার ০/১২)

পাকিস্তান ১ম ইনিংস: ৩ ওভারে ৩/১ (সামি ৩, আজহার ০*, ইয়াসির ০*; অ্যান্ডারসন ০/১, ব্রড ১/২)।