২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে আশ্বাস দিচ্ছেন ইংল্যান্ডেরই হ্যালসল

বাংলাদেশে আসার আগে মনে ছিল সংশয়ের মেঘ। ছিল খানিকটা শঙ্কা। বিসিবির আশ্বাস পেয়ে ফিরেছেন রিচার্ড হ্যালসল। এখন পাচ্ছেন স্বস্তিও। বাংলাদেশ জাতীয় দলের ইংলিশ ফিল্ডিং কোচ বলছেন, এখন নিরাপত্তা ব্যবস্থা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময়কার চেয়েও ভালো।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 07:26 PM

Updated : 12 Apr 2022, 02:36 AM

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ইংল্যান্ডের। কিন্তু গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে সন্ত্রাসী হামলার পরপরই সফর নিয়ে শঙ্কার কথা জানায় ইসিবি। নিরাপত্তা শঙ্কায় ছুটি থেকে বাংলাদেশে ফিরতে বাড়তি সময় নিয়েছেন হ্যালসলও। ফিরেছেন গত শুক্রবার সন্ধ্যায়।

রোববার জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে কাজ শুরু করে দিয়েছেন হ্যালসল। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, বাংলাদেশে তিনি স্বস্তিই অনুভব করছেন।

“বলার অপেক্ষা রাখে না, হুমকি আছে। তবে সেটা এখানে যেমন, আছে সব জায়গাতেই। হুমকি আছে, এটা স্বীকার করার সৎসাহসই প্রতিরোধের প্রথম ধাপ। এসব নিয়েই চলতে হবে।”

“আমার কাজ হলো এখানে কোচিং করানো, ইংল্যান্ডের কাজ নিরাপত্তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া যে তাদের ক্রিকেটারদের পাঠাবে কিনা। তবে আমি এখানে নিরাপদই অনুভব করছি।”

শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের বাস্তবতাই মনে করিয়ে দিলেন হ্যালসল।

“এসব এখন বিশ্বের সব জায়গাতে হচ্ছে। বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি...লন্ডনে যখন হামলা হলো, আমি লন্ডনেই ছিলাম। মুম্বাইয়ে তাজ হোটেলে হামলার সময় আমি ভারতেই ছিলাম (২০০৮ সালে, হ্যালসল তখন ছিলেন ইংল্যান্ডের ফিল্ডিং কোচ)। মাত্র এক সপ্তাহ আগেই আমরা তাজ হোটেল ছেড়েছিলাম। এখনকার বিশ্বে এসব হয়েই যাচ্ছে।”

হ্যালসলের আশা, সময়মতোই সফরে আসবে ইংল্যান্ড।

“আমার আশা, সফরটি হবে। ইংল্যান্ড পুরো ক্রিকেট বিশ্বেই খেলতে দায়বদ্ধ। ওদের অনূর্ধ্ব-১৯ দলও তো খেলতে এসেছিল। তখনকার চেয়ে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা হয়ত এখন আরও ভালো, কারণ সচেতনতা অনেক বেড়েছে। আমি সত্যিই আশা করি, ওরা আসবে। ওদেরও তো আন্তর্জাতিক ক্রিকেট খেলার প্রয়োজন আছে!”