২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বি-স্তর টেস্টের বিরুদ্ধে ‘শুধুই বাংলাদেশ’

আইসিসি বোর্ড সভায় দ্বি-স্তর টেস্ট নিয়ে আলোচনাই হয়নি। আলোচনা হয়েছে প্রধান নির্বাহীদের সভায়। বিসিবি প্রধান নাজমুল হাসানের দাবি, সেখানে এটির বিরোধিতা করেছে একমাত্র বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2016, 09:31 PM

Updated : 12 Apr 2022, 02:23 AM

এডিনবরায় আইসিসি সভা শেষে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ক্রিকেটের কাঠামো বদল নিয়ে আরও বিশদ আলোচনা হবে আগামী অক্টোবরের সভায়। এর আগে সেপ্টেম্বরে দুবাইয়ে সদস্য দেশগুলোকে নিয়ে এ বিষয়ে একটি ওয়ার্কশপের প্রস্তাব করা হয়েছে।

আইসিসি সভা থেকে ফিরে রোববার গুলশানের নিজ বাসায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি প্রধান জানালেন, মূল সভায় এটা নিয়ে আলোচনাই হয়নি।

“দ্বি-স্তর টেস্ট নিয়ে কোন সিদ্ধান্তই হয়নি। আমাদের মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হয়নি। আমি যতদূর জানি, নির্বাহী লেভেলের মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ একমাত্র দেশ যারা বিরোধিতা করেছে। অন্য কোন দেশ কোনো প্রকার বিরোধিতা করেনি। আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেছি।”

“মূল বিষয়টা হচ্ছে, এখানে কে বিরোধিতা করলো আর কে করল না; এটায় কিছু যায় আসে না। সিদ্ধান্তটা হবে ভোটাভুটিতেই। ওখানে ওরা সর্বোচ্চ আটটা ভোট পাচ্ছে কিনা সেটা দেখবে। সেক্ষেত্রে একজন দুইজন ভোট না করলেও কিছু যায় আসে না।”

তবে বিসিবি প্রধানের বিশ্বাস, দ্বি-স্তর টেস্ট চালু করা খুব সহজ হবে না।

“এখন পর্যন্ত বাংলাদেশ ছাড়া কেউ বিরোধিতা করেনি নির্বাহী লেভেলে। বোর্ড মিটিংয়ে যখন আসবে, তখন এই বিষয়ে চিন্তা করা যাবে। আমার মনে হয়, এটা আইসিসিতে পাশ করানোটা এতোটা সহজ হবে না। ওখানে বাংলাদেশ একা হলেও ইস্যুটা এতো সহজ নয়। এটা অনেক কঠিন প্রক্রিয়া, খুব সহজ নয়।”