২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেলমেট পরলে তা হতে হবে ব্রিটিশ স্ট্যান্ডার্ডের

গত কিছু দিনে ক্রিকেট বিশ্বজুড়ে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করার দাবি উঠলেও আপাতত সেটি করল না আইসিসি। তবে আন্তর্জাতিক ম্যাচে ব্যাটিংয়ের সময় হেলমেট পরতে হলে তা হতে হবে ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2016, 09:47 PM

Updated : 11 Oct 2022, 08:26 PM

এডিনবরায় আইসিসির সভা শেষে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সিদ্ধান্ত।

ব্রিটিশ স্ট্যান্ডার্ড হেলমেটের ওপরের অংশের সঙ্গে গ্রিলের ব্যবধান সাধারণ হেলমেটের চেয়ে বেশ কম। এটি দুদিকে ‘অ্যাডজাস্টেবল’ নয়, তাতে নড়াচড়া করে কম। এতে বল কোনো ভাবেই হেলমেটের ফাঁক গলে ঢুকতে পারে না।

বলের আঘাতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিল হিউসের মৃত্যুর পর থেকেই দাবি উঠছে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করার এবং নতুন ধরনের হেলমেট ব্যবহার করার। এর পর ক্রিকেটে আরও বেশ কজন ব্যাটসম্যান চোট পেয়েছেন বলের আঘাতে।

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তাসকিন আহমেদের বাউন্সারে মাথার পেছন দিকে ঘাড়ের কাছে গুরুতর আঘাত পান সোহরাওয়ার্দী শুভ।

সদস্য দেশগুলোকে আইসিসি অনুরোধ করেছে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহারের উপকারিতা সম্পর্কে নিজেদের ব্যাটসম্যানদের শিক্ষিত করে তুলতে।

গত মাসের শুরুর দিকে সভা শেষে ব্রিটিশ স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করেছিল আইসিসি ক্রিকেট কমিটি।