২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকলাইনের ৭ উইকেট ও একটু আফসোস

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ৭ উইকেট নিয়েছেন সাকলাইন সজিব। দলকে এনে দিয়েছেন বড় জয়। তার পরও এই বাঁহাতি স্পিনারের খানিকটা আফসোস, অল্পের জন্য হলো না রেকর্ড!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 06:56 PM

Updated : 12 Apr 2022, 02:19 AM

বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৫৮ রানে ৭ উইকেট নিয়েছেন আবাহনীর সাকলাইন। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং। সেরা বোলিং আরেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের। ২০০৪ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ৭ উইকেট নিয়েছিলেন ১৭ রানে।

বাংলাদেশের মাটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৭ উইকেট আছে আর একটিই। ২০১৩ সালে ঢাকা লিগেই ব্রাদার্সের হয়ে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ২৫ রানে ৭ উইকেট নিয়েছিলেন জিম্বাবুয়ের শন উইলিয়ামস।

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৮ উইকেট নেওয়ার হাতছানিও ছিল সাকলাইনের। তার ১০ ওভার হতে ছিল আরও ৪ বল, প্রাইম ব্যাংকের উইকেটও ছিল একটি। কিন্তু চোটের কারণে ব্যাটিংয়ে নামলেন না নাজমুল ইসলাম অপু। সাকলাইনও তাই সুযোগ পেলেন না চেষ্টার।

৭ উইকেট পাওয়ার তৃপ্তি আছে। আছে দলকে জেতানোর আনন্দ। তবে ম্যাচ শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই স্পিনার জানালেন, একটু আফসোসও আছে আরেকটি উইকেটের জন্য।

“৫০ ওভারের ম্যাচে ৭ উইকেট পাওয়া অনেক বড় ব্যাপার। সবসময় এই সুযোগ হয় না। খুব ভালো লাগছে। দল জিতেছে বলেও ভালো লাগছে।”

“আরেকটা উইকেট পেলে আরও ভালো লাগত। রেকর্ড তো সবাই চায়। তবে ইনজুরির ওপর তোর কারও হাত নেই। ওদের একজন ব্যাটসম্যান নামতে পারেনি…কী আর করা!”

১৬ ম্যাচে ২৬ উইকেট নিয়ে এবারের লিগে সর্বোচ্চ উইকেটের তালিকায় যৌথভাবে এখন তিনে সাকলাইন। এখানে তার সঙ্গী সতীর্থ তাসকিন আহমেদ। প্রাইম দোলেশ্বরের সঙ্গে স্থগিত ম্যাচটি আবার হলে দুজনেরই সুযোগ থাকবে উইকেট বাড়ানোর। ৩০ উইকেট নিয়ে শীর্ষে ভিক্টোরিয়ার শ্রীলঙ্কান স্পিনার চতুরঙ্গা ডি সিলভা।