২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পবন নেগি ঝড়ে শীর্ষে রূপগঞ্জ

প্রথম পর্বে শেষ বলে ছক্কায় ভিক্টোরিয়ার জয় কেড়ে নিয়েছিল লেজেন্ডস অব রূপগঞ্জ। প্রিমিয়ার লিগের সেই ম্যাচ হয়েছিল টাই। আবারও হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে তাদের হতাশ করেছে রূপগঞ্জ। সুপার লিগের ম্যাচে পবন নেগির ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে এবার তারা জিতেছে ২ উইকেটে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 05:31 PM

Updated : 20 Aug 2022, 12:59 PM

এই জয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভিক্টোরিয়াকে সরিয়েই শীর্ষে উঠেছে রূপগঞ্জ। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৮, দুই নম্বরে থাকা ভিক্টোরিয়ার পয়েন্ট ১৭। দিনের অন্য ম্যাচে মোহামেডানকে উড়িয়ে দেওয়া আবাহনী রয়েছে তিন নম্বরে। এক ম্যাচ কম খেলা দলটির পয়েন্ট ১৬।

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শেষ বলে অলআউট হওয়ার আগে ২৫৮ রান করে ভিক্টোরিয়া। জবাবে ৪৮ ওভার ৫ বলে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ।

চতুরঙ্গ ডি সিলভার দারুণ বোলিংয়ে লক্ষ্য তাড়ায় শুরুতেই চাপে পড়ে রূপগঞ্জ। ৩২ রানে ফিরে যান তিন ব্যাটসম্যান। কিছুটা প্রতিরোধ গড়ে বিদায় নেন সৌম্য সরকার ও আসিফ আহমেদ। ভালো করতে পারেননি সাত নম্বরে নামা জহুরুল ইসলামও। সৌম্য খেলেন ৫০ বলে ২৮ রানের স্বভাববিরুদ্ধ ইনিংস।

আড়াইশ’ রানের লক্ষ্য তাড়ায় ৮৩ রানেই নেই রূপগঞ্জের ৬ উইকেট। ম্যাচ তখন পুরোপুরি ভিক্টোরিয়ার নিয়ন্ত্রণে। তবে মোড় ঘুরিয়ে দিতে বেশি সময় নেননি নেগি ও মোশাররফ হোসেন।

একদিকে প্রতিপক্ষের ওপর চড়াও হন নেগি, অন্য প্রান্তে দেখেশুনে খেলেন মোশাররফ। তাদের ১৪৮ রানের জুটি জয়ের পথে নিয়ে যায় রূপগঞ্জকে। ২২.১ ওভার স্থায়ী এই জুটিতে মোশাররফের অবদান ৪১ রান।

শেষের দিকে ফিরে আবার আঘাত হানেন চতুরঙ্গ। আলাউদ্দিন বাবুকে ফিরিয়ে দেন তিনি। কিন্তু দলের হার এড়াতে পারেননি। তাকেই ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নেগি।

লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথম শতক পাওয়া নেগি অপরাজিত থাকেন ১২৪ রানে। ৪২ বলে আসে তার প্রথম অর্ধশতক, পরেরটি করতে খেলেন ৩৫ বল। ৮৯ বলে ১৩ চার আর ৪ ছক্কায় এই রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই।

টানা তিন ম্যাচ উইকেটশূন্য থাকার পর আবার জ্বলে উঠেন চতুরঙ্গ। ৪৬ রানে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কার এই বাঁহাতি স্পিনারই ভিক্টোরিয়ার সেরা বোলার।

এর আগে টপ অর্ডারের দৃঢ়তায় শুরুটা ভালো হয় ভিক্টোরিয়ার। এক সময়ে তাদের স্কোর ছিল ২ উইকেটে ১৭০ রান। এরপর ৭৮ রানেই শেষ ৮ উইকেট হারানোয় আরও বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি।

৭২ বলে ৮২ রানের ঝকঝকে ইনিংস খেলেন মুমিনুল হক। লিগে এটি তার টানা তৃতীয় অর্ধশতক। তার বিদায়ের পর প্রায় একাই খেলতে হয় আল আমিন জুনিয়রকে। ৬৮ বলে খেলা তার ৬২ রানের ইনিংসে আড়াইশ’ পার হয় ভিক্টোরিয়ার সংগ্রহ।

৪৭ রানে তিন উইকেট নিয়ে রূপগঞ্জের সেরা বোলার তাইজুল। আবু হায়দার ও নেগি দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

ভিক্টোরিয়া: ৫০ ওভারে ২৫৮ (মজিদ ২৬, মাহমুদ ৪০, মুমিনুল ৮২, আল আমিন জুনিয়র ৬৩, নাদিফ ৪, চতুরঙ্গ ১৮, ধীমান ১৩, সোহরাওয়ার্দী ৪, ডলার ৩*, মাহবুবুল ১, রাব্বি ০; তাইজুল ৩/৪৭, হায়দার ২/৩২, নেগি ২/৫৪, নাহিদুল ১/৩২, আসিফ ১/৪৭)

লেজেন্ডস অব রূপগঞ্জ: ৪৮.৫ ওভারে ২৬৪/৮ (মিঠুন ১৭, সৌম্য ২৮, নাহিদুল ৭, সাজ্জাদুল ৪, আসিফ ২৩, নেগি ১২৪*, জহুরুল ১, মোশাররফ ৪১, আলাউদ্দিন ১২, তাইজুল ০*; চতুরঙ্গ ৫/৪৬, আল আমিন জুনিয়র ১/২৫, সোহরাওয়ার্দী ১/৩৮, রাব্বি ১/৬৪)

ফল: লেজেন্ডস অব রূপগঞ্জ ২ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: পবন নেগি।