২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে লিটন দাসের শতক

গত ম্যাচেই ইঙ্গিত রেখেছিলেন নিজেকে ফিরে পাওয়ার। অবশেষে খুঁজে পেলেন হারানো ছন্দ, ফিরলেন বড় রানে। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে অসাধারণ এক শতক করেছেন লিটন দাস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 12:31 PM

Updated : 20 Aug 2022, 12:59 PM

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে বুধবার বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে শতক করেই থামেননি আবাহনী লিমিটেডের ওপেনার। খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। দুর্দান্ত সব শটের পসরায় সাজিয়েছেন ১২৫ বলে ১৩৯ রানের ইনিংস।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৯ ম্যাচে ডানহাতি উইকেটকিপার ব্যাটসম্যানের এটি দ্বিতীয় শতক। আগেরটি ছিল ২০১৪ সালের ১১ ডিসেম্বর আবাহনীর হয়েই কলাবাগান ক্রিকেট একাডেমি বিপক্ষে। ফতুল্লায় সে দিন করেছিলেন ৭৭ বলে ১০৮।

গত মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে ৬৮৬ রান করে লিটন হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। পরে জায়গা করে নিয়েছেন জাতীয় দলেও। টেস্টে পারফরম্যান্স খুব খারাপ না হলেও একদমই সুবিধে করতে পারেননি ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। খেসারত দিয়েছে জায়গা হারিয়ে।

এবারের লিগকে ধরা হচ্ছিল তার জায়গা ফিরে পাওয়ার দাবি জানানোর মঞ্চ। কিন্তু একদমই আলো ছড়াতে পারছিলেন না সেই মঞ্চে। এই ম্যাচের আগের ১২ ম্যাচের ১১ ইনিংসে রান ছিল সব মিলিয়ে ১৯৬। ওপেনিং থেকে তিন নম্বর, চার নম্বর, এমনকি খেলানো হয়েছে ৭ নম্বরেও। পাচ্ছিলেন না রানের দেখা। সর্বোচ্চ ছিল আগের ম্যাচেই করা ৪৮!

তবে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আগের ম্যাচের ওই ইনিংসেই কিছুটা দেখা মিলেছিল হারানো লিটনের। শুধু কিছু রান পেয়েছিলেন বলেই নয়, তার ব্যাটিংয়ে ছিল সেই নান্দনিকতা ও আত্মবিশ্বাসের ছোঁয়া। সে দিন আউট হয়ে গিয়েছিলেন অর্ধশতকের দোড়গোরায়।

এদিন পূর্ণতা দিলেন নিজের ফিরে পাওয়াকে। নিজের প্রিয় পজিশন ওপেনিংয়ে নেমে শুরু থেকেই ছিলেন সাবলীল। খেলেছেন চোখ ও মনকে প্রশান্তি দেওয়া সব শট।

৬০ বলে স্পর্শ করেছিলেন অর্ধশতক। পরের পঞ্চাশে লেগেছে মাত্র ৪২ বল। অভিজ্ঞ ফয়সাল হোসেন ডিকেন্সকে সুইপ করে চার মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন ১০২ বলে।

শতক পর ব্যাটের ধার বেড়ে যায় আরও। কচুকাটা করেছেন মোহামেডানের সব বোলারকে। সবচেয়ে বেশি ভুগিয়েছেন অভিজ্ঞ স্পিনার এনামুল হক জুনিয়রকে। তার ২৬ বলে নিয়েছেন ৩৬। ইনিংসের একমাত্র ছক্কাটিও মেরেছেন এনামুলকেই।

আবাহনীর হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিকর সঙ্গে তৃতীয় উইকেটে লিটন গড়েছেন ১৫০ বলে ১৬২ রানের জুটি। শেষ পর্যন্ত বোল্ড হয়েছেন আরিফুল হকের বলে। ১৮ চার ও ১ ছক্কায় ১৩৯।

আবাহনী তখন শক্ত অবস্থানে। আর লিটন ফিরে পেয়েছেন স্বস্তি। প্রতিভাবান এই ব্যাটসম্যানের রান পাওয়া সুসংবাদ দেশের ক্রিকেটের জন্যও।