জাতীয় দলের রসদ বাড়াতে চান হেলমট
বাংলাদেশের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্ব নিয়ে রোমাঞ্চিত সাইমন হেলমট। এইচপি ক্রিকেটারদের ঘষেমেজে জাতীয় দলের ‘প্লেয়ার পুল’ আরও বাড়াতে কাজ করতে চান অস্ট্রেলিয়ান এই কোচ।
৪৪ বছর বয়সী হেলমটকে এবারের বিসিবি এইচপি ইউনিটের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার ঢাকায় আসার পর চুক্তির আনুষ্ঠানিকতা সারা ও প্রাসঙ্গিক বিভিন্ন ব্যাপার নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে গত কদিন ধরে চলেছে তার আলোচনা। সোমবার বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হেলমট জানালেন, নতুন দায়িত্ব নিতে মুখিয়ে আছেন।
“প্রায় ২০ বছরের কোচিং ক্যারিয়ারে বিভিন্ন পর্যায়ে কোচিং করানোর সৌভাগ্য হয়েছে আমার। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হতে পারা এবং এইচপির প্রধান কোচের দায়িত্ব পাওয়া সৌভাগ্য ও সম্মানের ব্যপার। উঠতি ও শিখতে থাকা ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে পারা, জাতীয় প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত হতে পারাই আমাকে বেশি রোমাঞ্চিত করছে।”
এইচপির এবারের প্রোগ্রাম চলবে অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত। কিভাবে কাজ করবেন, আপাতত সেটির পরিকল্পনা করছেন হেলমট।
“কিভাবে এগোব, সেটি নিয়ে এখন আমরা কাজ করছি। এখানকার কোচ, কর্মকর্তা, বোর্ডের সঙ্গে কথা বলছি। আমরা যদি তরুণদের উন্নতি করাতে পারি, এমনকি অভিজ্ঞদের আরও ধারালা করতে পারি, জাতীয় দল বাছাইয়ের জন্য আরও বড় একটি ‘পুল’ তৈরি করতে পারব আমরা। তাতে এখন তো বটেই, ভবিষ্যতের জন্যও হবে দারুণ ব্যাপার।”
শুধু তরুণ নয়, এইচপি ইউনিটে সব বয়সী ক্রিকেটারদের সঙ্গেই কাজ করতে আগ্রহী হেলমট।
“এইচপিতে ক্রিকেটারদের উন্নতি করা, নিজেকে জানা, দায়িত্বশীল করা ও শৃঙ্খলার শিক্ষা দেওয়া হবে। কাজেই বয়স ১৫, ১৬, ২৫ বা ৩০, সেটা কোনো ব্যাপার নয়। এক জনের সহজাত সামর্থ্য ও ক্ষমতায় যে কোনো সময়ই উন্নতির সুযোগ থাকে।”
বিগ ব্যাশে মেলবোর্ন রেনিগেডসে সাকিব আল হাসানের কোচ ছিলেন হেলমট। সম্প্রতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে ছিলেন মুস্তাফিজুর রহমানদের সহকারী কোচ।
মেলবোর্নে জন্ম নেওয়া হেলমট শীর্ষ পর্যায়ে কখনও ক্রিকেট খেলতে পারেননি। মাত্র ২৫ বছর বয়সেই নাম লেখান কোচিংয়ে। অস্ট্রেলিয়ায় কেচিং করিয়েছেন বিভিন্ন দলে। তার কোচিংয়ে ভিক্টোরিয়া বুশরেঞ্জার্স তিন বার খেলেছে ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্টের ফাইনালে; শিরোপা জিতেছে একবার।
বিগ ব্যাশে টানা চার বছর ছিলেন মেলবোর্ন রেনিগেডসের দায়িত্বে। বর্তমানে সহকারী কোচ হোবার্ট হারিকেন্স দলে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে ছিলেন টম মুডির সহকারী। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো দলের তিনি প্রধান কোচ।
এছাড়া অস্ট্রেলিয়া ‘এ’ দলেও কিছু দিন ছিলেন প্রধান কোচ। সহকারী কোচ ছিলেন ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া দলে।
এইচপির গত প্রোগাম চলেছে গত বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। বিসিবির হেম ডেভেলপমেন্ট ন্যাশনাল ম্যানেজার নাজমুল আবেদিন জানালেন, এবার নতুন কিছু ব্যপার যোগ করা হবে।
“গত প্রোগ্রামে আমরা বেশ কিছু দিক করতে চেয়েও পারিনি। দেশের বাইরে যেতে পারিনি, বিদেশ থেকে বিশেষজ্ঞ আনতে পারিনি। এবার আমরা নিশ্চিত করব বিষয়গুলো। সেপ্টেম্বরে শেষ দিকে দলটাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা আছে আমাদের; ভিন্ন কন্ডিশনে কেমন করে দেখতে।”
