কোনো গণ্ডগোলই হয়নি আবাহনী-দোলেশ্বর ম্যাচে!
মাঠে উপস্থিত সবাই গণ্ডগোল দেখেছেন। ছবি আছে; টেলিভিশনের ফুটেজ আছে। আছে দুই কোচের বক্তব্য। কিন্তু এসবের কোনো উল্লেখই নেই ম্যাচ রেফারির প্রতিবেদনে। বিকেএসপিতে গত রোববার আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচ স্থগিত হওয়ার একমাত্র কারণ আম্পায়ারদের অসুস্থতা!
ম্যাচ রেফারির প্রতিবেদনের এই বিস্ময়কর তথ্য জানিয়েছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সমন্বয়ক আমিন খান।
একটি স্টাম্পিংয়ের আবেদনে সাড়া না দেওয়ার প্রেক্ষিতে আম্পায়ারদের সঙ্গে তুমুল তর্ক হয় আবাহনীর ক্রিকেটারদের। মাঠের বাইরে থেকে গালিগালাজ ও হুমকি-ধামকি দেন আবাহনীর সমর্থকেরা।
এক পর্যায়ে ম্যাচ রেফারি মন্টু দত্তর সঙ্গে আলাপ করেই মাঠ ছেড়ে আসেন মাঠের দুই আম্পায়ার। পরে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে দোলেশ্বরের সামনে নতুন লক্ষ্য নির্ধারিত হলে খেলতে অস্বীকৃতি জানায় তারা। স্থগিত করা হয় ম্যাচ।
অথচ নিজের প্রতিবেদনে এসব লেখেননি ম্যাচ রেফারি। সোমবার শের-ই-বাংলায় অফিসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিসিডিএম সমন্বয়ক আমিন খান জানালেন এমনটিই।
“মাঠে ঘটনা কি হয়েছে, আমি জানি না। আমি দেখব ম্যাচ রেফারির রিপোর্ট। ম্যাচ রেফারির রিপোর্টে কোনো দলের ব্যাপারে, কোনো ক্রিকেটারের ব্যাপারে বা সমর্থকদের উচ্ছৃঙ্খলতার ব্যাপারে কিছু লেখা ছিল না। স্রেফ লিখেছেন আম্পায়ার অসুস্থ। দুজন আম্পায়ারই অসুস্থ হওয়ায় খেলা স্থগিত করেছেন।”
বাংলাদেশের প্রায় সব সংবাদমাধ্যমে এই হট্টগোলের খবর আছে, টিভি সংবাদে দেখানো হয়েছে। ম্যাচ রেফারির প্রতিবেদনে এসব না থাকায় সিসিডিএম অবাক হয়েছে কিনা বা এই ব্যাপারে খোঁজ নেবে কিনা, এই প্রশ্নে আমিন খান বললেন আগের কথাই।
“মিডিয়ায় কি আছে বা কী, সেই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। আমার বক্তব্য, ম্যাচ রেফারির রিপোর্টে যা আসছে, সেটাই আমি বলতে পারি।”
ম্যাচ রেফারির প্রতিবেদন অনুযায়ী, দুই আম্পায়ার এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে সোমবার রিজার্ভ ডেতেও ম্যাচ পরিচালনা নিয়ে ছিল সংশয়।
“ম্যাচ রেফারি লিখেছেন, আম্পায়ার অসুস্থ। ম্যাচ পরিচালনা করার মত অবস্থায় ছিল না। পরদিনও তারা পারবেন কিনা, এটা নিয়ে ম্যাচ রেফারি সন্দিহান। এই কারণে উনি জানিয়েছেন যে খেলা চালানো যাচ্ছে না।”
তবে অসুস্থতার কথা বললেও আমিন খান ঠিকই ইঙ্গিত দিলেন, আম্পায়ারদের মাঠ ছেড়ে আসার ব্যাপারটি খতিয়ে দেখার।
“আম্পায়ারদের ব্যাপারেও বোর্ড সিদ্ধান্ত নেবে। আমরা জানতে পেরেছি, দুই দল একসময় খেলার জন্য প্রস্তুত ছিল। আম্পায়ারদের অপারগতার কারণেই খেলা হয়নি।”
সিসিডিএম সমন্বয়ক জানালেন, স্থগিত এই ম্যাচের ভাগ্য নির্ধারিত করবে বোর্ড।
“এই ম্যাচ আমরা বোর্ডের কাছে রেফার করেছি। বোর্ড সিদ্ধান্ত নেবে। আম্পায়ারদের ব্যাপারেও বোর্ড সিদ্ধান্ত নেবে। সামনে বাকি ম্যাচগুলো সূচি অনুযায়ী হতে থাকবে। আমরা ইতিমধ্যেই সব ক্লাবকে চিঠি দিয়ে সেটি জানিয়ে দিয়েছি।”
