২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মজিদ, মুমিনুলের ব্যাটে ভিক্টোরিয়ার জয়

জয় দিয়ে সুপার লিগ শুরু করেছে শীর্ষে থাকা ভিক্টোরিয়া। আব্দুল মজিদ ও মুমিনুল হকের দারুণ ব্যাটিংয়ে শিরোপাধারী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 06:35 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

লম্বা একটা সময় পর্যন্ত সমান তালে লড়ে যাওয়া প্রাইম ব্যাংকের বিপক্ষে নাদিফ চৌধুরীদের জয় ২৩ রানের।

রোববার ফতুল্লার খান সাহেব আলী স্টেডিয়ামে বৃষ্টির জন্য ম্যাচের দৈর্ঘ্য ১০ ওভার কমে নেমে আসে ৪০ ওভারে। টস জিতে ব্যাট করতে নেমে ২৭২ রান করে ভিক্টোরিয়া। জবাবে ৮ উইকেটে ২৪৯ রানের বেশি করতে পারেনি প্রাইম ব্যাংক।

বড় লক্ষ্য তাড়ায় ভালো করতে পারেননি শানাজ আহমেদ ও শিহান জয়াসুরিয়া। তবে দলকে কক্ষপথেই রাখেন মেহেদি মারুফ। তার ঝড়ো ব্যাটিংয়ে ১৬ ওভার শেষে প্রাইম ব্যাংকের স্কোর ছিল ২ উইকেটে ১১৯ রান।

মুমিনুল বোলিংয়ে এসে বিদায় করেন বিপজ্জনক মারুফকে। ৪৩ বলে এই উদ্বোধনী ব্যাটসম্যান করেন ৫৫ রান, পাঁচটি চার আর তিনটি ছক্কার সাহায্যে।

মারুফের দেখানো পথ ধরে প্রাইম ব্যাংককে এগিয়ে নিতে থাকেন নুরুল হাসান ও সাব্বির রহমান। চতুর্থ উইকেটে তারা গড়েন ৫০ রানের জুটি। তিন রানের মধ্যে এই দুই ব্যাটসম্যান ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে শিরোপাধারীরা।

মাহবুবুল আলমের বলে আল আমিন জুনিয়রকে ক্যাচ দেন সাব্বির। রান আউট হন ৪৮ বলে ৫২ রান করা উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল। তার ইনিংসটি গড়া ৮টি চারে।

দুই থিতু ব্যাটসম্যানের বিদায়ে প্রাইম ব্যাংককে চেপে ধরে ভিক্টোরিয়া। এরপরও চেষ্টা করেছিলেন তাইবুর রহমান, শুভাগত হোম চৌধুরী। তবে তারা ব্যবধানই কমাতে পেরেছেন কেবল।  

এর আগে ভিক্টোরিয়া লড়াইয়ের পুঁজি গড়ে মজিদ ও মমিনুলের ব্যাটে। দ্বিতীয় উইকেটে তাদের তারা উপহার দেন ৮৩ রানের জুটি।

শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হন মুমিনুল। শেষ চার ইনিংসে তৃতীয় অর্ধশতক পাওয়া এই বাঁহাতি ব্যটসম্যানের খেলেন ৫৫ বলের ঝকঝকে ইনিংস। ৪৭ বলের ইনিংসে হাঁকান চারটি করে ছক্কা-চার।

টানা দুই শতকের পর ম্যাচ সেরা মজিদ খেলেন ৭২ রানের আরেকটি চমৎকার ইনিংস। রান আউট হওয়ার আগে ৬৮ বলে করেন ৭২ রান। এই উদ্বোধনী ব্যাটসম্যানের ইনিংস গড়া ১০টি চার ও একটি ছক্কায়।

মজিদ-মুমিনুলের গড়া ভিত কাজে লাগাতে ভুল করেননি নাদিফ, চতুরঙ্গ ডি সিলভার। তাদের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে ৯২ রান যোগ করে ভিক্টোরিয়া। ৪১ বলে ৪১ রান করেন অধিনায়ক নাদিফ। শ্রীলঙ্কার অলরাউন্ডার চতুরঙ্গ খেলেন ২৩ বলে ৩৯ রানের আক্রমণাত্মক ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

ভিক্টোরিয়া: ৪০ ওভারে ২৭২/৬ (মজিদ ৭২, মাহমুদ ১৩, মুমিনুল ৫৫, আল আমিন ২৮, নাদিফ ৪১, চতুরঙ্গ ৩৯, ডলার ১৮*, মাহবুবুল ১*; আজিম ২/৬৫, মনির ১/৪৩, শুভাগত ১/৪৫)

প্রাইম ব্যাংক: ৪০ ওভারে ২৪৯/৮ (মারুফ ৫৫, শানাজ ১৩, জয়াসুরিয়া ১৫, নুরুল ৫৩, সাব্বির ২৭, তাইবুর ২৫, শুভাগত ২৬, নাজমুল ১৪, রুবেল ১০; ডলার ২/৪৮, মুমিনুল ১/১০, মাহবুবুল ১/৩৭, সোহরাওয়ার্দী ১/৪০, রাব্বি ১/৪৭)

ফল: ভিক্টোরিয়া ২৩ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: আব্দুল মজিদ।